মুন্সিগঞ্জের সবচেয়ে বড় কুরবানির হাট ইজারা ৩৭ লাখ টাকায়, হাতিমারা-চিতলিয়া-বাংলাবাজার কত?
মুন্সিগঞ্জ, ৮ মে ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
টাকার অঙ্ক ও ব্যপ্তিতে মুন্সিগঞ্জ জেলার সবচেয়ে বড় পঞ্চসার বিজ্র সংলগ্ন ফাকা স্থানে অস্থায়ী কুরবানির পশুর হাট ইজারা হয়েছে ৩৭ লাখ টাকায়। একসময় বিসিকের হাট নামে এই এলাকার হাটের সারাদেশে পরিচিতি ছিলো। পরে জায়গা পরিবর্তন হলে হাটের নামেও পরিবর্তন এসেছে। কিন্তু এরপরও মুক্তারপুরের হাটের বাড়তি আবেদন রয়েছে মুন্সিগঞ্জ জেলা ও আশপাশের এলাকায়।
বিশেষ করে ধলেশ্বরী নদীতীরে হওয়াতে বাড়তি সুবিধা রয়েছে হাটটিতে পশু আনা-নেয়ার ক্ষেত্রে। এসব কারণে এই হাটের ইজারা কে পেলেন, কত টাকায় পেলেন এ নিয়ে যেমন আগ্রহ রয়েছে মানুষের তেমনি বরাবরের মত এবারও প্রতিযোগিতা ছিলো ইজারা নেয়ার ক্ষেত্রে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুুদুর রহমান ইজারার তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, এবছর ৩৭ লাখ টাকায় হাটটির ইজারা পেয়েছেন মুক্তারপুর গোসাইবাগ এলাকার মো. ওসমান গনি সুমন। তিনি জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. মহিউদ্দিনের ভাই আব্দুল কাদিরের ছেলে।
এছাড়া সদর উপজেলার হাতিমারা বালুর মাঠের হাট ৩৭ হাজার টাকায় ইজারা নিয়েছেন জোড়ারদেউল এলাকার মো. রবিন পুস্তি, চিতলিয়া বাজার অস্থায়ী হাট ৩৫ হাজার টাকায় ইজারা নিয়েছেন দক্ষিণ টরকী এলাকার মো. মনিরুজ্জামান মনির ও বাংলাবাজার ইউনিয়ন পরিষদ সংলগ্ন অস্থায়ী হাট ৩ লাখ ৬১ হাজার টাকায় ইজারা পেয়েছেন বানিয়াল আশুলির চর এলাকার শাহ মোয়াজ্জেম হোসেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, চরডুমুরিয়া বাজার এবং মদিনা বাজারের হাট ইজারার জন্য দরপত্র আহবান করা হলেও এখনো কেউ আবেদন করেনি।
মুন্সিগঞ্জ জেলায় প্রতিবছর ৪০-৪১টি কোরবানির পশুর হাট হয়ে থাকে।





