মুন্সিগঞ্জে প্রশাসনের সিদ্ধান্ত তোয়াক্কা না করে বালু উত্তোলন, ধাওয়া গ্রামবাসীর
মুন্সিগঞ্জ, ৮ অক্টোবর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ বাস্তবায়নের লক্ষ্যে জেলা টাস্কফোর্স কমিটির সভায় ৪ অক্টোবর থেকে ২২ দিন মুন্সিগঞ্জের সকল নদীতে যে কোন ধরনের বালু উত্তোলন সম্পূর্ণ নিষেধ ঘোষণা করা হলেও এর মধ্যেই বুধবার সকালে গজারিয়া উপজেলার নয়ানগর এলাকায় ড্রেজার বসিয়ে বালু তুলছিলেন মহাল ইজারা নেয়া লোকজন। এতে ক্ষুব্ধ হয়ে ধাওয়া দিয়েছে স্থানীয় গ্রামবাসী।
আজ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে মেঘনা নদীর গজারিয়া উপজেলার নয়ানগর এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত কয়েকদিন বন্ধ থাকার পর বুধবার ভোর থেকে ১৪-১৫টি ড্রেজার নিয়ে বালু উত্তোলন শুরু করে ইজারাদার প্রতিষ্ঠানের লোকজন। খবর পেয়ে সকাল সাড়ে ছয়টার দিকে এলাকাবাসী ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে তাদের ধাওয়া করে। একপর্যায়ে উত্তোলনকারীরা সদর উপজেলার দিকে চলে যায়।
স্থানীয় বাসিন্দা হোসেন বলেন, ‘আমরা জানি ইলিশের প্রজনন মৌসুমে নদী থেকে বালু উত্তোলন নিষেধ করা হয়েছে। আজ সকালে যখন দেখলাম সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইজারাদার বালুমহাল থেকে বালু উত্তোলন করতে গিয়েছে তখন আমরা এলকাবাসী একজোট হয়ে তাদের বাঁধা দিতে গিয়েছিলাম।’
এ বিষয়ে বালুমহালটি পরিচালনার দায়িত্বে থাকা মুন্সিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আমিনুল ইসলাম জসিমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
গজারিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবদুস সামাদ বলেন, ‘ইলিশের প্রজনন মৌসুমে বালুমহাল থেকে বালু উত্তোলন করা সম্পূর্ণ নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ। কারণ এই সময় বালুমহাল থেকে বালু উত্তোলন করলে মা ইলিশের নিরাপদ প্রজনন ব্যাহত হয় যা সামগ্রিকভাবে মৎস্য সম্পদকে ক্ষতিগ্রস্ত করে। মেঘনা নদীর গজারিয়া অংশে একটি বালুমহাল আছে। ইলিশের প্রজনন মৌসুমে সেটা যেন বন্ধ থাকে এ ব্যাপারে সচেষ্ট রয়েছি আমরা।’
গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম বলেন, ‘এমন একটি খবর পাওয়ার পর আমি সহকারী কমিশনারকে (ভূমি) ঘটনাস্থলে পাঠিয়েছিলাম। তবে ঘটনাস্থলে যাবার পর বালু উত্তোলনকারীদের পাওয়া যায়নি। মেঘনা নদীর গজারিয়া অংশে একটি বৈধ বালুমহাল আছে। আমরা ইজারাদার প্রতিষ্ঠানকে ইলিশের প্রজনন মৌসুমে বালুমহাল থেকে বালু উত্তোলন বন্ধ রাখতে বলেছি। আমি বিষয়টি নিয়ে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো।’





