বিগত দুই সরকারের সম্পূর্ণ ব্যর্থতা, টিকা না দেয়ার জন্যই হামের প্রাদুর্ভাব ঘটেছে: মুন্সিগঞ্জে স্বাস্থ্য মন্ত্রী
মুন্সিগঞ্জ, ২৫ এপ্রিল ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
বিগত দুই সরকারের সম্পূর্ণ ব্যর্থতা, টিকা না দেয়ার জন্যই হামের প্রাদুর্ভাব ঘটেছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াৎ হোসেন।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকালে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শন গিয়ে এ কথা বলেন মন্ত্রী।
এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে সময়মতো টিকা দিতে না পারায় জেলা সিভিল সার্জন ডা. কামরুল জমাদ্দার, জলাতঙ্কের টিকা নিয়ে গণমাধ্যমে ভুল বক্তব্য দেয়ার অভিযোগে হাসপাতাল তত্ত্বাবধায়ক ডা. আহাম্মদ কবির ও অনিয়মের খবর প্রচারের পর স্থানীয় গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে মামলা করায় সিভিল সার্জন কার্যালয়ের তৃতীয় শ্রেণীর কর্মচারী মিজানুর রহমানকে তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়েছে বলে জানান তিনি৷
এছাড়াও তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান স্বাস্থ্য মন্ত্রী।
পরিদর্শনের সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, মুন্সী গঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, জেলা পুলিশ সুপার মেনহাজুল আলমসহ প্রশাসনের উর্ধ্বতনরা উপস্থিত ছিলেন।





