মুন্সিগঞ্জে সিএনজি–পিকআপ সংঘর্ষে গর্ভবতী নারীসহ আহত ৭ জন, চালক আটক
1

মুন্সিগঞ্জ, ২২ এপ্রিল ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে মাওয়ামুখী যাত্রীবাহী সিএনজি ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে এক গর্ভবতী নারীসহ ৭ জন আহত হয়েছেন।

এ ঘটনায় পিকআপ চালক কৃষ্ণ (৫২) কে আটক করেছে শ্রীনগর থানা পুলিশ।

গুরুতর আহত গর্ভবতী নারীকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ঢাকায়।

আজ মঙ্গলবার সকাল ৮টা ১০ মিনিটের দিকে শ্রীনগর- মুন্সিগঞ্জ সড়কের তন্তর আটপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, কলা ভর্তি পিকআপটি ঘুমঘুম অবস্থায় চালাচ্ছিলেন ড্রাইভার। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী সিএনজির সাথে সংঘর্ষে লিপ্ত হয়। এতে ঘটনাস্থলেই ৭ জন আহত হন।

সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

আহতদের মধ্যে রয়েছেন— সিএনজি চালক মো. ফকির চান (৫০), মো. আব্দুর রাজ্জাক (৬০), মো. রাসেল (১৬), রাশিদা (৫০), মিন্টু হাওলাদার (২৮), নিরব হাওলাদার (১৬) ও গর্ভবতী নারী মোছা. নাসরিন (৩০)।

আহতদের মধ্যে গর্ভবতী মোছা. নাছরিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

বাকিদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।