মুন্সিগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির সকল প্রার্থী নির্বাচিত
মুন্সিগঞ্জ, ২২ এপ্রিল ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
২০২৬-২৭ মেয়াদে মুন্সিগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনে ১১টি পদের বিপরীতে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত মো. তোতা মিয়া-মো. হান্নান জুয়েল পরিষদের সকল প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
শুধুমাত্র কার্যকরী সদস্য পদে একজন স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলামকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তার প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্যানেলের মো. ইকবাল হোসেন শেখ সম্প্রতি ঘোষণা দিয়ে নির্বাচন থেকে সরে দাড়ান। ফলে, এই পদেও কোন নির্বাচন হয়নি।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মুজিবুর রহমান স্বাক্ষরিত ফলাফলে এ তথ্য জানানো হয়।
এর আগে গত ১৬ এপ্রিল আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগ এনে সমিতির নিবন্ধিত ১১ আইনজীবিকে অযোগ্য ঘোষণা করে তাদের প্রার্থিতা বাতিল ঘোষণা করে আইনজীবী সমিতি নির্বাচন কমিশন।
আওয়ামী লীগপন্থী আইনজীবীদের সংগঠন ‘বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ’ থেকে ঘোষণা দিয়ে এই নির্বাচনে কেউ প্রার্থী না হলেও ‘সাধারণ আইনজীবী পরিষদ’ ব্যানারে মোহাম্মদ আলী-সবুজ প্যানেল থেকে এরা প্রার্থী হয়েছিলেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ীরা হলেন- সভাপতি পদে, অ্যাডভোকেট মো. তোতা মিয়া, সহ সভাপতি পদে মুহাম্মদ মজিবুর রহমান শেখ ও মো. মনির হোসেন লিংকন, সাধারণ সম্পাদক পদে মো. হান্নান মিয়া জুয়েল, সহ সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান মাহাবুব, কোষাধ্যক্ষ পদে মো. আজিজুর রহমান রাজীব, লাইব্রেরি সম্পাদক পদে মোহাম্মদ মাহবুবুর রহমান ঢালী, দপ্তর সম্পাদক পদে মোহাম্মদ জামাল হোসেন বিপ্লব, সমাজকল্যাণ ও ধর্ম বিষয়ক সম্পাদক পদে মো. নুর হোসাইন, মহিলা বিষয়ক সম্পাদক পদে ফাতেমা আক্তার লাকি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. জাহিদুল ইসলাম তুহিন, কার্যকরী সদস্য পদে- মো, শাহ আলম, শফিকুল ইসলাম মিন্টু, আখি আক্তার ও সাইফুল ইসলাম।




