মুন্সিগঞ্জে বজ্রপাতে মৃত্যু: কবরস্থানে লাশ পাহারার দায়িত্ব নিলো উপজেলা প্রশাসন
35

মুন্সিগঞ্জ, ২২ এপ্রিল ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলায় বজ্রপাতে নিহত যুবক আরাফাত খানের কবর দাফনের পর থেকেই তার পরিবার প্রতিরাতে কবরস্থানে পাহারা দিচ্ছে এমন খবর প্রকাশের পর ওই কবরস্থান পরিদর্শন করে লাশ পাহারার দায়িত্ব নিয়েছে টংগিবাড়ী উপজেলা প্রশাসন।

আজ বুধবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিনা আক্তার ওই এলাকায় যান। এসময় তিনি নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নিহতের পিতাকে আশ্বস্ত করে জানান, এ ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি তাৎক্ষণিকভাবে স্থানীয় দুইজন গ্রাম পুলিশকে কবরস্থানে পাহারা দেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি কবরস্থানটি সিসিটিভি ক্যামেরার আওতায় আনার বিষয়েও আশ্বাস প্রদান করেন।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কামারখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান খুকু, টংগিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জাহিদ হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৯টার দিকে সরেজমিনে দেখা যায়, উপজেলার কামারখাড়া সামাজিক কবরস্থানে ছেলের কবরের পাশে বসে আছেন বাবা জসিম খান। লাশ চুরির আশঙ্কায় তারা রাতভর কবর পাহারা দিচ্ছেন।

জসিম খান বলেন, তার ছেলে আরাফাত দর্জির কাজ করে পরিবার চালাত। গরুর জন্য ঘাস আনতে গিয়ে বজ্রপাতে তার মৃত্যু হয়। স্থানীয়দের কাছ থেকে বজ্রপাতে নিহতদের লাশ চুরির ঘটনার কথা শুনে তারা আতঙ্কিত হয়ে পড়েন। সেই ভয় থেকেই কবর পাহারা দেওয়ার সিদ্ধান্ত নেন তারা।

তিনি জানান, অসুস্থতার কারণে সবসময় নিজে থাকতে পারেন না। তাই ঋণ করে লোক ভাড়া করে পাহারার ব্যবস্থা করতে হচ্ছে। এতে বাড়তি আর্থিক চাপ তৈরি হলেও ছেলের কবর রক্ষার জন্য তা করতে বাধ্য হচ্ছেন। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিত করা হলে তারা কিছুটা স্বস্তি পেতেন বলেও জানান তিনি।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় আরাফাত ও রিজান ঢালী নামে দুইজনের মৃত্যু হয়।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ