মুন্সিগঞ্জে অসুস্থ হয়ে গৃহবধূর মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে
মুন্সিগঞ্জ, ৭ অক্টোবর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগরে হঠাৎ অসুস্থ হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে স্বামীর বিরুদ্ধে নির্যাতনের মৌখিক অভিযোগ থাকায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে পুলিশ হেফাজতে নিয়েছে পুলিশ।
আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই নারীর। এর আগে সকাল ৭টার দিকে বাবার বাড়িতে থাকাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়া হয় তাকে।
মৃত সাথী বেগম (৩০) উপজেলার শ্যামসিদ্ধি গ্রামের মৃত নুর জামাল তালুকদারের কন্যা। আটক পাভেল শেখ (৩৫) শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের নাগরভাগ গ্রামের বাসিন্দা।
এই দম্পতির আরাফাত (৪) নামে এক ছেলে ও মিম (১০) নামে এক মেয়ে সন্তান রয়েছে।
শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিছুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, স্বামী ও স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ ছিলো। মৃত্যুর সঠিক কারণ জানার জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। স্বামীকে পুলিশ হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মৃতের পরিবারের দাবি, পারিবারিক কলহের জেরে প্রায়ই সাথিকে তার স্বামী পাভেল মারধর করত। ৪-৫ দিন আগে গুরুতর নির্যাতনের পর অসুস্থ হয়ে পড়লে সাথি বাবার বাড়ি শ্যামসিদ্ধিতে গিয়ে চিকিৎসা নেন। পরে আবার স্বামীর বাড়িতে ফিরে যান। গতকাল সোমবার (৬ অক্টোবর) তিনি পুনরায় বাবার বাড়ি গিয়ে চিকিৎসকের পরামর্শ নেন।
মঙ্গলবার সকালে বাথরুম থেকে বের হয়ে উঠানে পড়ে গেলে সাথিকে দ্রুত শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে তিনি মারা যান।





