মুন্সিগঞ্জে পুকুরে ভেসে উঠলো অজ্ঞাত পুরুষের মরদেহ, পরিচয় খুঁজছে পিবিআই
মুন্সিগঞ্জ, ২ আগস্ট ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক পুরুষ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিচয় শনাক্তে কাজ শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই)।
আজ রোববার বিকেল ৫টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া গ্রামের বিক্রমপুর আদর্শ কলেজ মাঠসংলগ্ন একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে স্থানীয় বাসিন্দারা পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে সিরাজদিখান থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
পুলিশ জানায়, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর। তার শরীরে কোনো পরিচয়পত্র পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় নিশ্চিত করতে মরদেহের আঙুলের ছাপ সংগ্রহ করে পিবিআইয়ের মাধ্যমে জাতীয় তথ্যভান্ডারে মিলিয়ে দেখার উদ্যোগ নেওয়া হয়েছে।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরিচয় শনাক্তে পিবিআইয়ের সহযোগিতা নেওয়া হচ্ছে। এছাড়া মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন এবং পরিচয় শনাক্ত হওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।









