মুন্সিগঞ্জে বাড়ির পাশে ঝোপে খেলছিল শিশু, ভিমরুলের কামড়ে গেল প্রাণ
8

মুন্সিগঞ্জ, ২ আগস্ট ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় বাড়ির পাশের ঝোপে খেলতে গিয়ে ভিমরুলের কামড়ে রাফসান (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ রোববার সকাল ৯টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের উত্তর কুসুমপুর গ্রামের চৌকিদারপাড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত রাফসান ওই গ্রামের আরশের আলীর ছেলে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশের একটি ঝোপে খেলছিল রাফসান। খেলতে গিয়ে সে পাতাযুক্ত একটি ডাল টান দিলে সেখানে থাকা ভিমরুলের চাকে আঘাত লাগে। এতে একযোগে অসংখ্য ভিমরুল চাক থেকে বের হয়ে শিশুটিকে কামড়াতে শুরু করে।

ভিমরুলের কামড়ে রাফসানের চোখ-মুখ ফুলে যায় এবং শরীর লাল হয়ে পড়ে। একপর্যায়ে সে অচেতন হয়ে গেলে স্বজনরা দ্রুত উদ্ধার করে সিরাজদীখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. তাইফুল হক বলেন, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়। পরে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, বাড়ির আশপাশে ঝোপঝাড়ে প্রায়ই ভিমরুলের চাক দেখা যায়। এমন দুর্ঘটনা এড়াতে এসব চাক দ্রুত অপসারণ এবং শিশুদের ঝোপঝাড়ের কাছে একা খেলতে না দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ