মুন্সিগঞ্জে পচা গন্ধে সন্দেহ, বসত ঘরে মিলল ৫ সন্তানের জনকের মরদেহ
মুন্সিগঞ্জ, ২৩ সেপ্টেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে ভাড়াটিয়া বসত ঘর থেকে আবুল বাসার (৪৫) নামে এক ব্যক্তির অর্ধগলিত-ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বেতকা ইউনিয়নের চরমাহমুদাদপুর গ্রামের হাজী নজর আলীর ভাড়াটিয়া বাড়ি থেকে মরদেহটি উদ্ধার হয়। নিহত আবুল বাসার পটুয়াখালী সদর উপজেলার বড় আউলিয়াপুর গ্রামের বাসিন্দা। তিনি পাঁচ সন্তানের জনক।
স্থানীয় বাসিন্দা ও বাড়ির মালিকের সঙ্গে কথা বলে জানা যায়, আবুল বাসার দীর্ঘদিন ধরে হাজী নজর আলীর বাড়িতে ভাড়া থাকতেন। প্রথমদিকে স্ত্রীকে নিয়ে সেখানে বসবাস করলেও কিছুদিন আগে তার স্ত্রী পটুয়াখালী চলে যান। এরপর থেকে তিনি ওই বাড়িতে একাই থাকতেন।
জীবিকা নির্বাহের জন্য একটি অটো গাড়িতে বিভিন্ন মুরগির দোকানে মুরগি সরবরাহ করতেন বাসার।
স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে ওই বাড়ির আশপাশে পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়লে তাঁদের সন্দেহ হয়। পরে ঘরের ভেতরে উঁকি দিয়ে বাসারের ঝুলন্ত মরদেহ দেখতে পান তাঁরা। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।
স্থানীয়দের দাবি, মরদেহ উদ্ধারের সময় ঘরের দরজা বাইরে থেকে লাগানো ছিল। এ ছাড়া বাসারের জীবিকার কাজে ব্যবহৃত অটো গাড়িটিও ঘটনাস্থলে পাওয়া যায়নি বলে জানা গেছে। তবে অটো গাড়িটি চুরি হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
বাড়ির মালিক হাজী নজর আলী বলেন, ‘আমি অন্য বাড়িতে থাকি। ওই বাড়িটিতে বাসার একাই থাকতেন। তাঁর অটো গাড়িটি পাওয়া যাচ্ছে না বলে শুনেছি।’
খবর পেয়ে টংগিবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
টংগিবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামীম আহমেদ বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে তাঁর মৃত্যু হয়েছে। শরীরে পচন ধরেছিল ইতিমধ্যে, শরীর ফুলে গেছে।’
তিনি বলেন, ‘এছাড়া যে ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে, সেই ঘরের দরজা ভেতর ও বাইরে—দুই দিক থেকেই লাগানো ছিল। অটো গাড়ি হারানোর বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন’









