মুন্সিগঞ্জে মধ্যরাতে অটোগ্যারেজে ঢুকে মালিককে বেঁধে হত্যা, গাড়ি-ব্যাটারি লুট
৩০০

মুন্সিগঞ্জ, ২৩ নভেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার পাটাভোগ এলাকায় একটি অটো গ্যারেজে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় গ্যারেজ মালিক অহিদুল্লাহ (৫৪) ও তাঁর স্ত্রী হোসনা খাতুনকে রশি দিয়ে বেঁধে রেখে মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

পরে গুরুতর অসুস্থ অবস্থায় অহিদুল্লাহকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো একসময় অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত গ্যারেজের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর গ্যারেজ মালিক অহিদুল্লাহ ও তাঁর স্ত্রী হোসনা খাতুনকে রশি দিয়ে বেঁধে ফেলে। পরে গ্যারেজে থাকা ৬০টি ব্যাটারি, ১৬টি চার্জার ও দুটি অটোরিকশা নিয়ে পালিয়ে যায় তারা।

একপর্যায়ে আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্বামী-স্ত্রীকে উদ্ধার করেন। পরে গুরুতর অসুস্থ অবস্থায় অহিদুল্লাহকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, নিহত অহিদুল্লাহর মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এদিকে ডাকাতির ঘটনায় একজনের মৃত্যু ও বিপুল পরিমাণ মালামাল লুটের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ