মুন্সিগঞ্জে নিম্নমানের পানি, জুস, অরেঞ্জ ড্রিংক ফ্যাক্টরির সন্ধান
মুন্সিগঞ্জ, ১ নভেম্বর, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে নিম্নমানের মিনারেল ওয়াটার, ম্যাংগো ড্রিংক, অরেঞ্জ-লিচি ড্রিংক ফ্যাক্টরির সন্ধান পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সিগঞ্জ।
আজ সোমবার (১ নভেম্বর) সকাল ১১ টা’র দিকে মুন্সিগঞ্জ সদরের মিরকাদিম পৌরসভার দক্ষিণ কাগজীপাড়া এলাকায় অবস্থিত লাইফ পিওর ওয়াটার নামক ফ্যাক্টরিতে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সিগঞ্জ।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সিগঞ্জের সহকারি পরিচালক আসিফ আল আজাদ ‘আমার বিক্রমপুর’ কে জানান, ফ্যাক্টরিটিতে অবৈধ উপায়ে খুবই নিম্নমানের ম্যাংগো ড্রিংক, লিচি ড্রিংক, অরেঞ্জ ড্রিংক, আইস ললি, মিনারেল ওয়াটার তৈরি করা হচ্ছিলো।
তিনি জানান, তাদের কোন প্রকার লাইসেন্স নাই। বিএসটিআইয়ের লোগো ব্যবহার করছেন ড্রিংকসের বোতলে কিন্তু বিএসটিআইয়ের অনুমোদন গ্রহণ করেনি তারা। কোন কেমিস্ট ও ল্যাবরেটরি নেই, নিজেরাই ক্যামিকেল ও অন্যান্য দ্রব্য মিশিয়ে ড্রিংকস তৈরি করছেন। মিনারেল ওয়াটার বোতলজাত করে বিক্রি করছেন ও বিএসটিআইয়ের লোগো ব্যবহার করছেন কিন্তু বিএসটিআইয়ের অনুমোদন গ্রহণ করেনি।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সাময়িকভাবে বন্ধ করা হয়।




