মুন্সিগঞ্জে নিজ ঘরের খাটে বসে খেলছিল শিক্ষার্থী, সাপের কামড়ে গেল প্রাণ
৫৯১

মুন্সিগঞ্জ, ৫ অক্টোবর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে বিষধর সাপের কামড়ে মো. আরিয়ান (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

গতকাল রোববার দুপুর ১টার দিকে ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আরিয়ান শ্রীনগর উপজেলার বিরতারা ইউনিয়নের মজিদপুর দয়হাটা গ্রামের মোহাম্মদ উজ্জলের ছেলে। সে মজিদপুর কেসি ইন্সটিটিউটের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, রোববার সকাল ৮টার দিকে আরিয়ান নিজ ঘরের খাটে বসে খেলছিল। এ সময় একটি বিষধর সাপ তার পায়ে কামড় দিয়ে দ্রুত খাটের নিচের একটি গর্তে ঢুকে যায়।

পরে পরিবারের সদস্যরা দ্রুত আরিয়ানকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।

বিরতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল্লাহ কামাল জিলু আরিয়ানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সাপের কামড়ে শিশু আরিয়ানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ