মুন্সিগঞ্জে ‘ইঞ্জিন ওভারহিট’ হয়ে চলন্ত প্রাইভেট কারে আগুন, রক্ষা পেলেন ৫ আরোহী
মুন্সিগঞ্জ, ১৬ মে ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে চলন্ত একটি প্রাইভেট কারে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে আগুন লাগার পর গাড়িতে থাকা সবাই দ্রুত নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শনিবার দুপুর আড়াইটার দিকে কে সি রোডের রাজনগর এলাকায় মাওয়ামুখী একটি প্রাইভেট কারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান,
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইঞ্জিন ওভারহিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে। গাড়িটিতে চালকসহ মোট পাঁচজন আরোহী ছিলেন।
আগুন লাগার সঙ্গে সঙ্গে তারা নিরাপদে গাড়ি থেকে নেমে যান। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।





