মুন্সিগঞ্জকে মাদকমুক্ত করতে কঠোর অবস্থানে যাচ্ছে প্রশাসন: পরামর্শ সভা
137

মুন্সিগঞ্জ, ১১ মার্চ ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ জেলাকে মাদকমুক্ত করতে কঠোর অবস্থানে যাচ্ছে জেলা প্রশাসন। এ লক্ষ্যে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার (১০ মার্চ) জেলা প্রশাসন, মুন্সিগঞ্জের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘মাদকমুক্ত মুন্সিগঞ্জ’ বাস্তবায়নে জেলা পর্যায়ের অংশীজনদের সঙ্গে এ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম, জেলা পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার মো. ফিরোজ কবির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমানসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা।

সভায় জেলার সার্বিক মাদক পরিস্থিতি, মাদক প্রতিরোধে চলমান কার্যক্রম এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আলোচনায় মাদক প্রতিরোধে সমন্বিত উদ্যোগ গ্রহণ, নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, আইন প্রয়োগকারী সংস্থার অভিযান আরও জোরদার করা এবং শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সচেতনতামূলক কর্মসূচি বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

এছাড়া ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দকে সম্পৃক্ত করা, অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি, মাদকাসক্তদের পুনর্বাসন কার্যক্রম জোরদার করা এবং ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কমিটিগুলো সক্রিয় করার বিষয়ে মতামত দেওয়া হয়। পাশাপাশি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে মাদকবিরোধী প্রচারণা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তব্য দেন, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু।

তিনি বলেন, মাদক সমাজের জন্য ভয়াবহ অভিশাপ। মাদকের কারণে তরুণ সমাজ বিপথে যাচ্ছে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় হুমকি। তাই শুধু প্রশাসনের অভিযান নয়, মাদক প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলাও জরুরি। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও স্থানীয় নেতৃবৃন্দকে সম্পৃক্ত করে সম্মিলিতভাবে কাজ করলে মুন্সিগঞ্জকে মাদকমুক্ত করা সম্ভব।

সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের মাধ্যমে মুন্সিগঞ্জ জেলাকে ধীরে ধীরে মাদকমুক্ত করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ