মুন্সিগঞ্জ সদরের আদারিয়াতলা থেকে ৫ কেজি গাঁজাসহ সুমন গ্রেপ্তার
মুন্সিগঞ্জ, ১ আগস্ট ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের আদারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ সুমন (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল শনিবার (১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে আদারিয়াতলায় হিরণ নামে এক ব্যক্তির বাড়ির সামনের রাস্তায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার সুমন আদারিয়াতলা এলাকার বাসিন্দা। তিনি আব্দুল কাদিরের ছেলে।
জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এসব তথ্য নিশ্চিত করে জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ ইশতিয়াক আশফাকের নেতৃত্বে এসআই (নি.) সৈয়দ হাসিব আহম্মেদ ও সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন। এ সময় সুমনের কাছ থেকে ৫ কেজি গাঁজা জব্দ করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।









