মুন্সিগঞ্জ পৌর শিশু পার্ক নির্মাণ প্রকল্পে ধীরগতি, ঘোষিত সময়ে হচ্ছে না উদ্বোধন
21

মুন্সিগঞ্জ, ৯ জুন ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

দীর্ঘ ৩৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বহুল প্রত্যাশিত মুন্সিগঞ্জ পৌর শিশু পার্ক নির্মাণ প্রকল্পের কাজ চলতি বছরের এপ্রিলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলেও কাজের অগ্রগতি নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় ঘোষণায় বলা হয়েছিল, ২০২৬ সালের জুলাই মাসের মধ্যেই নির্মাণকাজ শেষ করে পার্কটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। তবে জুন মাসের মাঝামাঝি সময়ে এসে প্রকল্প এলাকায় দৃশ্যমান কোনো উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাচ্ছে না।

সরেজমিনে দেখা গেছে, পার্ক নির্মাণস্থলে এখনো একটি ইটও বসানো হয়নি। একইসঙ্গে শিশুদের বিনোদনের জন্য নির্ধারিত কোনো রাইডও এখনো আনা হয়নি। ফলে নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন হওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে। জুলাই মাসে পার্ক উদ্বোধনের যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল, তা বাস্তবায়ন হওয়া এখন প্রায় অসম্ভব বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

মুন্সিগঞ্জ পৌরসভার উদ্যোগে ১ দশমিক ৩৬ একর জমির ওপর নির্মিতব্য শিশু পার্কটির জন্য ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৫৮ লাখ ৩০ হাজার টাকা।

প্রকল্পের পরিকল্পনা অনুযায়ী পার্কটিতে থাকবে ফুটসাল গ্রাউন্ড, ব্যাডমিন্টন কোর্ট, ক্রিকেট নেট প্র্যাকটিস পিচ, ৭৫ ফুট উচ্চতার বিশালাকার ফেয়ারি হুইল, শিশুদের জন্য ট্রামপোলিন, জঙ্গল জিম, মাল্টি-অ্যাক্টিভিটি প্লে স্টেশন, দোলনা, স্লাইডিং ও সি-স’র মতো জনপ্রিয় রাইড।

এছাড়া বিনোদনের পাশাপাশি দর্শনার্থীদের জন্য সুপরিকল্পিত ওয়াকওয়ে, ব্যাপক সবুজায়ন, আধুনিক ফুড কোর্ট, ইনডোর গেমস জোন এবং পর্যাপ্ত আধুনিক আলোকসজ্জার ব্যবস্থাও রাখা হবে বলে প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ বিষয়ে মুন্সিগঞ্জ পৌরসভার প্রশাসক মৌসুমী মাহবুব বলেন, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। জুলাই মাসের মধ্যেই প্রকল্পের কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

তবে কাজের বর্তমান গতি বিবেচনায় প্রকল্পটি নির্ধারিত সময়ে শেষ হবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে একটি আধুনিক শিশু পার্কের অপেক্ষায় থাকা মুন্সিগঞ্জবাসী এখন প্রকল্পটির দ্রুত বাস্তবায়নের প্রত্যাশা করছেন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ