১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
শুক্রবার | সকাল ৭:২৯
মায়ের কোল থেকে নদীতে পড়ে যাওয়া শিশুর লাশ দুই দিন পর মুন্সিগঞ্জে উদ্ধার
খবরটি শেয়ার করুন:
123

মুন্সিগঞ্জ সদরের কালিরচর গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে নিখোঁজ শিশু মোহাম্মদের (৩ মাস) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের দুই দিন পর বুধবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে নদীতে ভাসমান অবস্থায় ওই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। কোল থেকে শিশুটি নদীতে পড়ে যাওয়ার পরপরই তাকে বাঁচাতে নদীতে লাফ দেওয়া তার মায়ের লাশ গতকাল মঙ্গলবার উদ্ধার করা হয়।

শিশুটির বাবা মুন্সিগঞ্জ পৌরসভার শিলমন্দি এলাকার জিয়াউর রহমান তার স্ত্রী কহিনুর রহমান ইভা (৩০) ও একমাত্র সন্তান মোহাম্মদকে নিয়ে ঢাকার মোহাম্মদপুর এলাকায় বসবাস করতেন।

মুন্সীগঞ্জের চরআব্দুল্লাহ নৌ-ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, কালিরচর গ্রাম সংলগ্ন মেঘনা নদীর তীরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা নৌ-ফাঁড়িতে খবর দেন। পরে নৌ-পুলিশ সেখানে পৌঁছে শিশুর মরদেহ উদ্ধার করে। বিকাল সাড়ে ৪ টার দিকে শিশুর নানা নাসিরউদ্দিন মরদেহ শনাক্ত করেন।

মো. বাচ্চু মিয়া আরও জানান, গত সোমবার বিকালে ঢাকার সদরঘাট থেকে ছেড়ে আসা এমভি ইমাম-২ নামে লঞ্চে চড়ে মুন্সিগঞ্জের উদ্দেশে রওনা দেয় মা কহিনুর রহমান ইভা। লঞ্চটি মুন্সিগঞ্জ লঞ্চঘাটে নোঙর না করায় মা ইভা তার সন্তান নিয়ে নামতে পারেননি। পরে লঞ্চটি চাঁদপুরের মতলবের ষাটনল এলাকার মেঘনা নদীতে পৌঁছলে মায়ের কোল থেকে তিন মাসের সন্তান নদীতে পড়ে যায়। সন্তানকে বাঁচাতে মা ইভাও নদীতে ঝাঁপ দেন।