ব্রিটেনে গৃহস্থালি জ্বালানির মূল্যসীমা ২৬ শতাংশ বাড়াচ্ছে অফজেম
মধ্যপ্রাচ্য সংকটের কারণে পাইকারি বাজারে গ্যাসের দাম বেড়ে যাওয়ায় ব্রিটেনে গৃহস্থালি পর্যায়ে জ্বালানি বিলের সর্বোচ্চ সীমা ২৬ শতাংশ বাড়ানো হচ্ছে। দেশটির জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা ‘অফজেম’ জানিয়েছে, আগামী জানুয়ারি থেকে এই নতুন মূল্যসীমা কার্যকর হবে। এর ফলে লাখ লাখ ব্রিটিশ গ্রাহকের জীবনযাত্রার ব্যয় আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
অফজেমের হিসাব অনুযায়ী, নতুন মূল্যসীমা কার্যকরের ফলে সাধারণ গ্রাহকদের বার্ষিক জ্বালানি খরচ গড়ে প্রায় ৪৪৩ পাউন্ড বেড়ে দাঁড়াবে ২ হাজার ১৬৬ পাউন্ডের কাছাকাছি। এই মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব পড়বে দেশটির প্রায় ২ কোটি পরিবারের ওপর, যারা পরিবর্তনশীল শুল্কযুক্ত সাধারণ চুক্তির আওতায় রয়েছে। তবে নির্দিষ্ট হারের বা ফিক্সড-রেট চুক্তিতে থাকা প্রায় ১ কোটি পরিবার চুক্তির মেয়াদ বজায় থাকা পর্যন্ত এই বৃদ্ধির বাইরে থাকবে।
অফজেমের বাজারবিষয়ক মহাপরিচালক নিল কেনওয়ার্ড জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের সংঘাত জ্বালানির ব্যয় ক্রমাগত বাড়িয়ে চলেছে। শীতকাল এগিয়ে আসার এই সময়ে দামের এই বৃদ্ধি অনেক পরিবারের জন্যই উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে। উল্লেখ্য, যুক্তরাজ্যে অফজেম প্রতি তিন মাস অন্তর বিদ্যুৎ ও গ্যাসের সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করে থাকে।
জ্বালানি খরচ বেড়ে যাওয়ায় অক্টোবরে ব্রিটেনে বার্ষিক মূল্যস্ফীতি গত ১২ মাসের মধ্যে সর্বোচ্চ ৩ দশমিক ৬ শতাংশে পৌঁছেছে। নতুন করে মূল্যসীমা বাড়ানোর ফলে আগামী বছর মূল্যস্ফীতি আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর জ্বালানির মূল্যসীমা সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছিল, বর্তমান দাম সেই সময়ের তুলনায় এখনও কম রয়েছে।
যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের প্রভাবে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানিবাহী ট্যাঙ্কার চলাচল কমে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাসের দাম বেড়েছে। গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর থেকে ইউরোপীয় প্রাকৃতিক গ্যাসের ডাচ টিটিএফ ফিউচার দর প্রায় ১৯০ শতাংশ বেড়েছে। এতে প্রতি মেগাওয়াট-ঘণ্টা গ্যাসের দাম ৩২ ইউরো থেকে বেড়ে দাঁড়িয়েছে ৯২ ইউরো বা ১০১ ডলারে।
এই পরিস্থিতিতে অক্টোবর মাসের বাজেট প্রতিবেদনে ব্রিটিশ সরকার ২ কোটি পরিবারের জন্য এককালীন ১০০ পাউন্ড ভর্তুকি ও গ্যাস বিলের নির্দিষ্ট ফি প্রত্যাহারের ঘোষণা দিয়েছিল। একই সঙ্গে বিদ্যুতের ওপর সাময়িক কর ছাড়ের মেয়াদও বাড়ানো হয়েছে। তবে বিশ্লেষকদের মতে, নতুন করে দাম বাড়ার কারণে সরকারি সহায়তার পরও গ্রাহকদের বাড়তি জ্বালানি বিল পরিশোধ করতে হবে।









