চীনের মহাকাশযানে চড়ে প্রথম পাকিস্তানি নভোচারীর মহাকাশ যাত্রা
চীনের শেনঝৌ-২৪ মহাকাশযানে চড়ে নিজেদের প্রথম নভোচারীকে মহাকাশে পাঠিয়েছে পাকিস্তান। বুধবার স্থানীয় সময় ভোরের দিকে উত্তর-পশ্চিম চীনের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে জিশান আলী নামের ওই নভোচারী মহাকাশের উদ্দেশে যাত্রা করেন। তার সঙ্গে রয়েছেন চীনা কমান্ডার তাং হংবো এবং ফ্লাইট ইঞ্জিনিয়ার উ ইয়ি।
চীনের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন সিসিটিভি জানিয়েছে, এই মিশনে জিশান আলী ‘পেলোড বিশেষজ্ঞ’ হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি তিয়াঙগং মহাকাশ স্টেশনে আগামী ৫ থেকে ১০ দিন অবস্থান করবেন। এই সময়ে তিনি বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা ও গবেষণামূলক কাজে অংশ নেবেন।
বুধবার স্থানীয় সময় সকাল ৮টা ১৮ মিনিটে শেনঝৌ-২৪ মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের কয়েক মিনিট পর সিসিটিভির সরাসরি সম্প্রচারে তিন নভোচারীকে সুস্থ অবস্থায় দেখা গেছে। মহাকাশযানটির সফল উৎক্ষেপণ সরাসরি সম্প্রচার করে চীনা গণমাধ্যমগুলো।
৪০ বছর বয়সী জিশান আলী পেশায় একজন পাইলট। এই ঐতিহাসিক অভিযানের প্রস্তুতির জন্য তিনি বেইজিংয়ে সাত মাস নিবিড় প্রশিক্ষণ নিয়েছেন। প্রশিক্ষণের অংশ হিসেবে তিনি চীনা ভাষা শেখার পাশাপাশি দেশটির সংস্কৃতি, ক্যালিগ্রাফি এবং বিভিন্ন ইনডোর গেমসেও অংশ নিয়েছেন।
মহাকাশ যাত্রার প্রাক্কালে জিশান আলী জানান, তিনি নিজের জন্য নয় বরং দেশের প্রতিনিধি হিসেবে মহাকাশে যাচ্ছেন। তার কাঁধে পাকিস্তানের নাম বহন করছেন বলে তিনি মন্তব্য করেন। জিশানের এই যাত্রাকে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ধন্যবাদ জানিয়ে বলেন, পাকিস্তান ও চীনের বন্ধুত্ব হিমালয়ের উচ্চতাকে ছাড়িয়ে এখন মহাকাশের পথে এগিয়ে চলেছে। এই মিশনকে দুই দেশের কূটনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার নতুন মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই মিশন পাকিস্তানের জন্য বিজ্ঞান ও প্রযুক্তিগত জ্ঞান অর্জনের বড় সুযোগ তৈরি করেছে। চীন ও পাকিস্তানের মধ্যে মহাকাশ বিষয়ক সহযোগিতা দীর্ঘদিনের। এর আগে চীন পাকিস্তানের স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে এবং ২০২৮ সালে চাঁদে পাকিস্তানের রোভার পাঠানোর বিষয়েও দুই দেশের মধ্যে চুক্তি রয়েছে।








