মোল্লাকান্দিতে দাদার বাড়িতে বেড়াতে এসে ককটেলে খাদ্যনালি ক্ষতিগ্রস্থ আব্দুর রহমানের, ঢাকায় ভর্তি
১৫৯

মুন্সিগঞ্জ, ২৬ নভেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের মধ্যে ককটেল বিস্ফোরণে গুরুতর আহত হয়েছে চার বছর বয়সী শিশু আব্দুর রহমান। দাদাবাড়িতে বেড়াতে এসে এ ঘটনার শিকার হয় সে। বিস্ফোরণে শিশুটির খাদ্যনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অস্ত্রোপচারের জন্য তার রক্তের প্রয়োজন হয়েছে বলে জানিয়েছে পরিবার।

আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ইউনিয়নের আশুরান এলাকায় এ ঘটনা ঘটে। আহত আব্দুর রহমান ওই এলাকার পাভেল পাটোয়ারি ও রিমা বেগম দম্পতির ছেলে। তাঁরা মুন্সিগঞ্জ শহরে ভাড়া বাসায় থাকেন। বুধবার সন্তানকে নিয়ে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলেন তাঁরা।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আওলাদ মোল্লা ও ফ্রান্স বিএনপি নেতা রহিম মোল্লার সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে চরডুমুরিয়া ও আশুরান এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। এ সময় দফায় দফায় গোলাগুলি ও ককটেল বিস্ফোরণ ঘটে।

সংঘর্ষ চলাকালে বাড়ির বাইরে খেলছিল শিশু আব্দুর রহমান। বিস্ফোরণের মধ্যে হঠাৎ চিৎকার করে ওঠে সে। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠানো হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় শিশুটির মা রিমা বেগম আমার বিক্রমপুরকে বলেন, তাঁর ছেলের অবস্থা গুরুতর। ককটেলের আঘাতে তার খাদ্যনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। অস্ত্রোপচারের জন্য রক্তের প্রয়োজন ছিল। এরই মধ্যে রক্তের ব্যবস্থা হয়েছে।

তিনি বলেন, সকালে ছেলে খেলছিল। এ সময় বাইরে ব্যাপক বিস্ফোরণ হচ্ছিল। হঠাৎ ছেলের চিৎকার শুনে এগিয়ে গিয়ে তাকে আহত অবস্থায় দেখতে পান তাঁরা।

এদিকে, একই সংঘর্ষে সেলিম (৩৫) নামের একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। সংঘর্ষের সময় প্রাণ বাঁচাতে চৈতারচর এলাকায় মেঘনা নদীর একটি শাখায় ঝাঁপ দেন আলমগীর দালাল (৪৫)। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত তাঁর সন্ধান পাওয়া যায়নি।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন জানান, এলাকার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ