বি চৌধুরীর জন্মদিন আজ
ডেস্ক রিপোর্ট: সাবেক প্রেসিডেন্ট ও বিকল্পধারার সভাপতি প্রফেসর একিউএম বদরুদ্দোজা চৌধুরীর ৮৬তম জন্মদিন আজ। ১৯৩০ সালের ১১ই অক্টোবর জন্মগ্রহণ করেন খ্যাতিমান এই চিকিৎসক। তার পিতা প্রয়াত অ্যাডভোকেট কফিল উদ্দিন চৌধুরী কৃষক প্রজা পার্টির সহ-সভাপতি, যুক্তফ্রন্টের সাধারণ সম্পাদক ও তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রাদেশিক মন্ত্রিসভার সদস্য ছিলেন।
বি. চৌধুরী ১৯৪৭ সালে ঢাকার বিখ্যাত স্কুল সেন্ট গ্রেগরি থেকে প্রথম বিভাগে ম্যাট্রিকুলেশন এবং ১৯৪৯ ঢাকা কলেজ থেকে প্রথম বিভাগে আইএসসি পাস করেন। তিনি ১৯৫৪-৫৫ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করেন। এরপর যুক্তরাজ্যের তিনটি রয়েল কলেজ অব ফিজিশিয়ানস লন্ডন, এডিনবার্গ ও গ্লাসগো থেকে নির্বাচিত ফেলো-এফ.আর.সি.পি এবং বাংলাদেশের (সম্মানিত) এফ.সি.পি.এস ডিগ্রি অর্জন করেন। তিনি রোগ বিজ্ঞানে দেশের একজন শীর্ষ অধ্যাপক, বিশেষজ্ঞ চিকিৎসক এবং রোগ বিজ্ঞানে টিভি অনুষ্ঠানে রেকর্ড অর্জনকারী উপস্থাপক।
সফল পার্লামেন্টারিয়ান বি. চৌধুরী জাতিসংঘে তিনবার বক্তৃতা দেন। স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত এই রাজনীতিবিদ বহু গ্রন্থের প্রণেতা। সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনুরোধে ১৯৭৮ সালে রাজনীতি শুরু করেন। তিনি মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে ১৯৭৯ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন এবং কেবিনেট মন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে তিনি দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হন এবং প্রথমে শিক্ষামন্ত্রী ও পরে সংসদ উপনেতা হন। ১৯৯৬ সালে তিনি সংসদে বিরোধীদলীয় উপনেতার দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০০১ সালে তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন এবং অক্টোরব থেকে নভেম্বর পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রী এবং ২০০১ সালের ১৪ই নভেম্বর বাংলাদেশের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
রাজনৈতিক কারণে ২০০২ সালের ২১শে জুন প্রেসিডেন্টের পদ থেকে ইস্তফা দেন। তিনি ২০০৪ সালের ৮ই মে বিকল্পধারা বাংলাদেশ নামের রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। বর্তমানে তিনি দলটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। এদিকে বি. চৌধুরীর জন্মদিন উপলক্ষে আজ সকাল ১১টায় তার বারিধারার বাসভবনে (মায়া-বি, বাড়ি নং-১৯, সড়ক নং-১২, বারিধারা কূটনৈতিক এলাকা, ঢাকা) এক আলোচনা সভার আয়োজন করেছে বিকল্পধারা।







