নতুন কুঁড়ি স্পোর্টসে সাঁতারে জাতীয় পর্যায়ে তৃতীয় মুন্সিগঞ্জের তনিমাকে সম্মান জানালেন ডিসি
মুন্সিগঞ্জ, ২৬ জুলাই ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর জাতীয় পর্যায়ের প্রজাপতি (বাটারফ্লাই) সাঁতার ইভেন্টে তৃতীয় স্থান অর্জনকারী মুন্সিগঞ্জের কৃতি সাঁতারু তনিমা আক্তারকে সংবর্ধনা দিয়েছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
আজ রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি হিসেবে তিনি তনিমা আক্তারের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেন।
এ সময় জেলা প্রশাসক তনিমা আক্তারের জাতীয় পর্যায়ের এই গৌরবময় সাফল্যের জন্য আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, তনিমা ভবিষ্যতেও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও সাফল্য অর্জনের মাধ্যমে মুন্সিগঞ্জ ও বাংলাদেশের সুনাম আরও উজ্জ্বল করবে বলে তিনি আশাবাদী।
জেলা প্রশাসক তনিমার ধারাবাহিক উন্নতি, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। পাশাপাশি তার খেলোয়াড়ি জীবন এগিয়ে নিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ এবং জাতীয় সাঁতার প্রশিক্ষক নুরুল ইসলাম।
উল্লেখ্য, তনিমা আক্তার সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের টরকি গ্রামের বাসিন্দা। তিনি ফুলতলা মোহাম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির একজন মেধাবী শিক্ষার্থী। নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর জাতীয় পর্যায়ের প্রজাপতি সাঁতার ইভেন্টে তৃতীয় স্থান অর্জনের মাধ্যমে তিনি মুন্সিগঞ্জের জন্য নতুন একটি গৌরব বয়ে এনেছেন।









