মুন্সিগঞ্জের মোল্লাকান্দির সাদ্দাম পিস্তল-গুলি ও চাইনিজ কুড়ালসহ গ্রেপ্তার
মুন্সিগঞ্জ, ২৭ অক্টোবর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
গ্রেপ্তার
মুন্সিগঞ্জ সদরের মহাকালি ইউনিয়নের বাগেশ্বর থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, ২০ রাউন্ড শটগানের কার্তুজ ও একটি চাইনিজ কুড়ালসহ সাদ্দাম মাঝি (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে সদর উপজেলার বাগেশ্বর এলাকার একটি পরিত্যক্ত দোতলা টিনের ঘরের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাদ্দাম মাঝি মোল্লাকান্দি ইউনিয়নের মধ্য মাকহাটি গ্রামের মন্নাফ মাঝি ও আমেনা বেগমের ছেলে।
জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এসব তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল বাগেশ্বর এলাকায় ইব্রাহীম ফকিরের পরিত্যক্ত দোতলা টিনের ঘরে অভিযান চালায়। এ সময় ঘরের দ্বিতীয় তলার পূর্ব পাশের একটি কক্ষে সাদ্দাম মাঝির দখল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, ২০ রাউন্ড শটগানের কার্তুজ ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুপার জানান, গ্রেপ্তার সাদ্দাম মাঝির বিরুদ্ধে সদর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।








