ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিন্নভিন্ন অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
মুন্সিগঞ্জ, ৩০ মে ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে মুন্সিগঞ্জের গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত এক অজ্ঞাত নারীর ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করেছে ভবেরচর হাইওয়ে পুলিশ।
আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার পুরান বাউশিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পথচারীরা মহাসড়কের ওপর ক্ষতবিক্ষত অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের দেহাংশ উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দা আব্দুস সামাদ জানান, সকালে ঘুম থেকে উঠে মহাসড়কে গিয়ে তিনি মরদেহটি দেখতে পান। তার ধারণা, নিহত ব্যক্তি একজন নারী এবং মানসিক ভারসাম্যহীন ছিলেন। তাকে প্রায়ই ওই এলাকায় ঘোরাফেরা করতে দেখা যেত।
ভবেরচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল আখন্দ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে কোনো দ্রুতগামী যানবাহন ওই ব্যক্তিকে চাপা দিয়ে চলে যায়। পরে দীর্ঘ সময় মরদেহটি সড়কে পড়ে থাকায় তার ওপর দিয়ে আরও কয়েকটি যানবাহন চলাচল করে, ফলে মরদেহটি ছিন্নভিন্ন হয়ে যায়।
তিনি আরও বলেন, নিহত ব্যক্তি নারী বলে ধারণা করা হচ্ছে। তার পরিচয় শনাক্ত, দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং দায়ী যানবাহন শনাক্তে পুলিশ কাজ করছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।







