অবসরপ্রাপ্ত শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মাদবরের দাফন সম্পন্ন
33

মুন্সিগঞ্জ, ৩০ মে ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজাহান মাদবরের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে।

আজ শনিবার (৩০ মে) জোহরের নামাজের পর মুন্সিগঞ্জ সদর উপজেলার দক্ষিণ ইসলামপুর বড় মসজিদ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের মাধ্যমে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার ভোর ৫টার দিকে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, দুই কন্যা, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানাজা শেষে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।

এ সময় তাঁর কফিনে জাতীয় পতাকা অর্পণ করা হয়। পরে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়।

জানাজায় মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন আহমেদ, জেলা বিএনপির সদস্য ও সাবেক ভিপি মো. মাসুম খান, জেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য সুলতান আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

মরহুম শাহজাহান মাদবর বিশিষ্ট সমাজসেবক ও পরোপকারী হাজী আইয়ুব আলী মাদবরের পঞ্চম পুত্র ছিলেন। দীর্ঘ শিক্ষকতা জীবন ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি এলাকায় ব্যাপক সুনাম অর্জন করেছিলেন।

তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ