মুন্সিগঞ্জে পিকআপে করে দিতে এসে ১৪ কেজি গাঁজাসহ দুইজন ধরা
মুন্সিগঞ্জ, ২ নভেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদরের মুক্তারপুরে পিকআপে করে গাঁজা নিয়ে আসার সময় ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) রাত ২টার দিকে মুক্তারপুর টোলগামী সড়কে এশিয়া মিলের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার পূর্বপাড়া এলাকার মো. এনামুল হক (২৩) ও মো. শাহিন হাসান (২২)।
জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এসব তথ্য নিশ্চিত করে জানান, ডিবির একটি দল মুক্তারপুর এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন পিকআপটি তল্লাশি করে তিনটি প্যাকেটে খাকি রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১৪ কেজি গাঁজা উদ্ধার করে। পরে গাঁজা পরিবহনে ব্যবহৃত নেভি ব্লু রঙের একটি পিকআপসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা পিকআপটির নিবন্ধন নম্বর কুমিল্লা-ন-১১-০৭৭৪।
মুন্সিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আশফাকের নেতৃত্বে অভিযানে এসআই কামরুল হাসান ও এএসআই দীপক কুমারসহ ডিবির একটি দল অংশ নেয়।
পুলিশ জানায়, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।









