ট্রেনে মাওয়া ঘুরতে এসে টাকা শেষ ৪ শিশুর, উদ্ধার করে বাড়ি পৌঁছে দিল পুলিশ
9

মুন্সিগঞ্জ, ১৬ সেপ্টেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

ট্রেনে করে মাওয়া ঘুরতে এসে টাকা শেষ হয়ে যাওয়ায় বাড়ি ফিরতে পারছিল না চার শিশু। পরে মুন্সিগঞ্জের পদ্মা সেতু (উত্তর) থানা পুলিশের তৎপরতায় তাদের উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ইস্টার্ন বাজার এলাকার বাসা থেকে বাবা-মায়ের অজ্ঞাতে বের হয় ওই চার শিশু। তারা কেরানীগঞ্জ স্ট্যান্ড বাজার এলাকা থেকে তেঘরিয়া রেলস্টেশনে গিয়ে ট্রেনের টিকিট কেটে মাওয়া রেলস্টেশনে নামে। তাদের সঙ্গে ছিল ২০০ টাকা। পরে ওই টাকা নিয়ে মাওয়া ঘাট এলাকায় ঘোরাঘুরি করে তারা।

একপর্যায়ে সঙ্গে থাকা টাকা শেষ হয়ে গেলে বাড়িতে ফেরার পথ ও উপায় খুঁজে পাচ্ছিল না শিশুরা। পরে সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে মাওয়ার চন্দ্রের বাড়ি বাজার এলাকায় তাদের কান্নাকাটি করতে দেখা যায়।

খবর পেয়ে পদ্মা সেতু (উত্তর) থানা পুলিশের সদস্যরা সেখানে গিয়ে চার শিশুকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে দ্রুত তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। পরিচয় নিশ্চিত হওয়ার পর শিশুদের পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়।

উদ্ধার হওয়া শিশুরা হলো—রাব্বি (১০), পিতা আব্দুল করিম; জাহিদুল ইসলাম (১১), পিতা হানিফ; হাসান (১১) ও হোসাইন (১১), পিতা রিয়াজুল ইসলাম। তাদের সবার বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা এলাকায়। হাসান ও হোসাইন জমজ দুই ভাই বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

পুলিশ জানায়, চার শিশুকে খুঁজে না পেয়ে তাদের পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করছিলেন। শিশুদের উদ্ধারের খবর পেয়ে পরিবারের সদস্যদের মধ্যে স্বস্তি ফিরে আসে।

পদ্মা সেতু (উত্তর) থানা পুলিশের দ্রুত ও দায়িত্বশীল তৎপরতায় চার শিশুকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ায় পরিবার ও স্থানীয়রা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

মুন্সিগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, বিপদে-আপদে সবসময় জেলাবাসীর পাশে রয়েছে জেলা পুলিশ। জরুরি প্রয়োজনে পুলিশ কন্ট্রোল রুমের ০১৩২০০৯৪২৯৮ নম্বরে যোগাযোগ করা যাবে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ