৮ বছর ধরে নিখোঁজ মুন্সিগঞ্জের লেগুনা হেলপার সিনহা, এখনো খুঁজছে সিআইডি
মুন্সিগঞ্জ, ১৫ সেপ্টেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
১৩ বছর বয়সে লেগুনার হেলপার হিসেবে কাজ করার সময় নিখোঁজ হয়েছিল মো. সিনহা। দেখতে দেখতে আট বছর পেরিয়ে গেলেও এখনো তার সন্ধান মেলেনি। নিখোঁজ সিনহাকে খুঁজে বের করতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সিনহা মুন্সিগঞ্জ সদর উপজেলার রিকাবী বাজার পূর্বপাড়া বেদে পল্লীর বাসিন্দা দেলোয়ার হোসেন ও হাফিজা বেগমের ছেলে। সে লেগুনার হেলপার হিসেবে কাজ করত এবং মিরকাদিম বেদে পল্লীতে থাকত।
পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২২ সেপ্টেম্বর দুপুর আনুমানিক ১২টার দিকে রিকাবী বাজার বেদে পল্লী থেকে কাটপট্টি লঞ্চঘাটে যাওয়ার উদ্দেশ্যে বের হয় সিনহা। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজের পর পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সিনহার অবস্থান সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে, সিনহাকে খুঁজে বের করতে তদন্ত চালিয়ে যাচ্ছে সিআইডি। কেউ তার সন্ধান বা অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানলে তদন্তকারী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
সিনহার বিষয়ে যোগাযোগের জন্য তদন্তকারী কর্মকর্তা মো. শামীম হাসান মোল্লা, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), বাংলাদেশ পুলিশ, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর মোবাইল নম্বর ০১৮১৫০৩৮১২৩-এ যোগাযোগ করা যেতে পারে।
পরিবারের সদস্যরা এখনো আশা করছেন, দীর্ঘ আট বছর পর হলেও সিনহার সন্ধান মিলবে এবং তার বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।









