এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে ইতিহাস গড়ে শেষ ষোলোতে গৌরব এবং মুন্সিগঞ্জের আয়মান
মুন্সিগঞ্জ, ২৬ সেপ্টেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
এশিয়ান গেমসে ব্যাডমিন্টনে ইতিহাস গড়েছে বাংলাদেশ। পুরুষ দ্বৈত বিভাগের রাউন্ড অব ৩২-এর ম্যাচে কাজাখস্তানকে সরাসরি দুই গেমে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছেন বাংলাদেশের গৌরব সিংহ ও মুন্সিগঞ্জের আয়মান ইবনে জামান। এশিয়ান গেমসে বাংলাদেশের ব্যাডমিন্টনের অভিষেকেই এমন সাফল্য এনে নতুন মাইলফলক গড়েছেন তাঁরা।
শুক্রবার জাপানের ইচিনোমিয়া সিটি মিউনিশিপ্যাল জিমনেশিয়ামের কোর্ট-২-তে কাজাখস্তানের আরতুর নিয়াজভ ও খাইতমুরাত কুলমাতভ জুটির মুখোমুখি হন গৌরব-আয়মান। ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণ ধরে রেখে খেলেন বাংলাদেশের দুই শাটলার।
প্রথম গেমে প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি গৌরব ও আয়মান। দারুণ সমন্বয় ও আক্রমণাত্মক খেলায় ২১-৮ ব্যবধানে প্রথম গেম জিতে নেন তাঁরা।
দ্বিতীয় গেমেও একই ধারাবাহিকতা ধরে রাখে বাংলাদেশের জুটি। একের পর এক পয়েন্ট তুলে নিয়ে কাজাখস্তানের জুটিকে চাপে রাখেন তাঁরা। শেষ পর্যন্ত ২১-১২ ব্যবধানে দ্বিতীয় গেমও জিতে ২-০ ব্যবধানে ম্যাচ নিশ্চিত করেন গৌরব-আয়মান।
এই জয়ে এশিয়ান গেমসে পুরুষ দ্বৈত বিভাগে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছেন তাঁরা। বাংলাদেশের ব্যাডমিন্টন দল এবারই প্রথম এশিয়ান গেমসে অংশ নিচ্ছে। অভিষেকেই পুরুষ দ্বৈত বিভাগে শেষ ষোলোয় ওঠার কীর্তি গড়লেন গৌরব ও আয়মান।
এই সাফল্যের সঙ্গে জড়িয়ে আছে মুন্সিগঞ্জেরও গর্ব। বাংলাদেশের হয়ে এশিয়ান গেমসের কোর্টে নামা আয়মান ইবনে জামান মুন্সিগঞ্জের সন্তান। তিনবারের জাতীয় চ্যাম্পিয়ন এই ব্যাডমিন্টন খেলোয়াড় বর্তমানে যুক্তরাষ্ট্রপ্রবাসী। তিনি মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতনের বড় ছেলে।
এবার সেই অপেক্ষার জবাবও দিলেন আয়মান। গৌরব সিংহকে সঙ্গে নিয়ে বাংলাদেশের ব্যাডমিন্টনের অভিষেকেই এনে দিলেন শেষ ষোলোর সাফল্য। সামনে আরও কঠিন প্রতিপক্ষ; তবে অভিষেকেই ইতিহাস গড়া এই জুটির লড়াই এখন বাংলাদেশের ব্যাডমিন্টনপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে।









