এবার কোরবানিতে চাহিদার তুলনায় প্রায় ২১ লাখ ৩৪ হাজার বেশি পশু রয়েছে: মুন্সিগঞ্জে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
মুন্সিগঞ্জ, ২৩ মে ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশে কোরবানির পশুর কোনো সংকট নেই বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, দেশের চাহিদার তুলনায় পর্যাপ্ত গবাদিপশু মজুত থাকায় পার্শ্ববর্তী দেশ থেকে পশু আমদানির প্রয়োজন হবে না।
শনিবার রাত আটটার দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ডাচ ডেইরি ফার্ম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, বর্তমানে দেশে কোরবানির জন্য ১ কোটি ২৩ লাখ ৩৪ হাজার গবাদিপশু প্রস্তুত রয়েছে। অন্যদিকে এ বছর সম্ভাব্য চাহিদা ধরা হয়েছে প্রায় ১ কোটি ২ লাখ পশু। সে হিসেবে চাহিদার তুলনায় প্রায় ২১ লাখ ৩৪ হাজার পশু উদ্বৃত্ত থাকবে।
তিনি বলেন, দেশের বাজার এখন আর বাইরের দেশের পশুর ওপর নির্ভরশীল নয়। আমাদের খামারিরা দেশের চাহিদা পূরণে সক্ষম হয়েছেন।
দেশে আধুনিক ডেইরি খামারের সংখ্যা বাড়ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ভবিষ্যতে বৈদেশিক মুদ্রা অর্জনেও এ খাত বড় ভূমিকা রাখবে। সরকার খামারিদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। কৃষকদের মতো খামারিদেরও পরিচয়পত্র বা কার্ড দেওয়া হবে। পাশাপাশি তাঁদের ঋণসুবিধা নিয়েও আলোচনা চলছে।
তিনি আরও বলেন, সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা শুধু দেশের চাহিদা পূরণ নয়, ভবিষ্যতে বিদেশে মাংস ও পশু রপ্তানির সক্ষমতা তৈরি করা। এ লক্ষ্যে খামারিদের আধুনিক প্রশিক্ষণ ও চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
ডাচ ডেইরি ফার্ম পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী শিমুলিয়ায় ‘প্রজেক্ট হিলশা’ পরিদর্শন করেন। পরে রাতের খাবার শেষে ঢাকার উদ্দেশে রওনা হন।
এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু, ডাচ ডেইরি ফার্মের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান মৃধা শিপন, ব্যবস্থাপনা পরিচালক জিল্লুর রহমান মৃধা রিপন, সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান এবং লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উল ইসলাম।





