আবারও বাংলাদেশে মার্কিন নাগরিকদের চলাফেরায় সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের
বাংলাদেশে ভ্রমণরত কিংবা অবস্থানরত নিজ দেশের নাগরিকদের চলাফেরার ক্ষেত্রে দ্বিতীয় দফায় সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। সেইসাথে বাংলাদেশে অবস্থারত পশ্চিমা নাগরিকদের ওপর হামলার ব্যাপারে আশঙ্কা প্রকাশ করেছে দেশটি।
যুক্তরাষ্ট্রের ঢাকা দূতাবাস থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে গত ১৭ অক্টোবর তারা এ সতর্কতা জারি করে। মধ্যরাতে দূতাবাসের ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়- বাংলাদেশে পশ্চিমা নাগরিকদের ওপর সন্ত্রাসী হামলা হতে পারে। এক্ষেত্রে বিশেষভাবে হামলার স্থান হিসেবে বাংলাদেশের আন্তর্জাতিক হোটেলগুলোতে আয়োজিত পশ্চিমা নাগরিকদের ভীড়ে এ হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয় ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮ সেপ্টেম্বর একজন ইতালীয় এবং ৪ অক্টোবর একজন জাপানী নাগরিককে হত্যার দায় স্বীকার করেছে ‘আইএসআইএল’। ভবিষ্যতেও মার্কিন নাগরিকসহ পশ্চিমাদের ওপর হামলা হতে পারে। সতর্কবার্তায় বলা হয়েছে, বাংলাদেশে বিদেশি নাগরিকদের নিরাপত্তা জোরদার করতে নিরাপত্তা সংস্থাগুলো বাড়তি পদক্ষেপ নিয়েছে। তবে সন্ত্রাসের হুমকি ‘বাস্তব ও বিশ্বাসযোগ্য’ রয়েই গেছে। ওই বার্তায় বাংলাদেশে ভ্রমণরত কিংবা অবস্থানরত মার্কিন নাগরিকদের পূর্বসতর্কতামূলক ব্যবস্থা নেওয়া, নিজেদের নিরাপত্তার ব্যাপারে সতর্ক থাকার পাশাপাশি স্থানীয় নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তনের ব্যাপারে সতর্ক থাকতে বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে। এছাড়া বাংলাদেশ ভ্রমণের সময় দূতাবাসের কর্মীরা সতর্কতামূলক নিরাপত্তার নিয়ম অনুসরণ করতে থাকবেন বরেও জানানো হয়।
যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তা ও তাঁদের পরিবারের সদস্যদের জনসমাগম স্থলে যেতে নিষেধ করা হয়েছে। এ ছাড়া তাঁদের পায়ে হেঁটে, মোটরসাইকেলে, সাইকেলে কিংবা কোনো ধরনের খোলামেলা বাহনে চলাফেরাতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দূতাবাসের নিরাপত্তা শাখার অনুমতি ছাড়া তাঁদের আন্তর্জাতিক হোটেলসহ বাংলাদেশের বৃহৎ কোন সমাবেশে যেতেও নিষেধ করা হয়েছে সতর্কবার্তার মাধ্যমে।





