আগামী ৩ দিন বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে
বুধবার সকাল ৯টা থেকে আগামী তিনদিন (৭২ ঘণ্টায়) বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে।
আবহাওয়া অধিদফতর জানায়, বুধবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট ও ঢাকা বিভাগে অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বৃহস্পতিবার ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ৪৮ মিনিটে।
আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরাংশ হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে। খবর-বাসস।


