৫৪ দেশের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিচ্ছে মুন্সিগঞ্জের সাঁতারু কন্যা মাইশা
মুন্সিগঞ্জ, ৯ এপ্রিল ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
আন্তর্জাতিক স্কুল স্পোর্টস ফেডারেশন কতৃক সার্বিয়াতে চলমান ISF U15 GYMNASIDE প্রতিযোগিতায় SWIMMING ক্যাটেগরিতে প্রতিযোগী হিসাবে অংশ নিতে দেশ ছেড়েছেন মুন্সিগঞ্জের সাঁতারু কন্যা ফাতিহা মাহতাব মাইশা।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে মাইশার পিতা মাহতাব উদ্দিন মাসুম তার ফেসবুক পোষ্টে কন্যার সফলতার কথা তুলে ধরে একটি পোষ্ট দিলে তথ্যটি জানাজানি হয়।
মাইশা মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের রসূলপুর গ্রামের সন্তান। তার পিতা মাহতাব উদ্দিন মাসুম বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত।
আয়োজক প্রতিষ্ঠানের ওয়েবসাইট সূত্রে জানা যায়, এবছর আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় সুইমিংসহ ২৫টি ক্যাটেগরিতে সারাবিশ্বের ৫৪টি দেশের দুই হাজার ৩৬৭ জন প্রতিযোগী অংশ নিয়েছে। যার মধ্যে বাংলাদেশ থেকে বিভিন্ন ক্যাটেগরিতে অংশ নিয়েছে ২৯জন প্রতিযোগি।
জানা যায়, ফাতিহা মাহতাব মাইশা এই প্রতিযোগিতায় বিশ্বের ২২৩ জন সাঁতারুর সাথে লড়বেন।
প্রসঙ্গত; গত বছরের ২৫মে সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে বাংলাদেশে সুইমিং ফেডারেশন আয়োজিত ৩৬তম জাতীয় বয়স ভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতায় ১০০মি. ব্যাকস্ট্রোকে (১৩-১৪ বালিকা) প্রথম স্থান অর্জন করে স্বর্ণ পদক অর্জন করে মুন্সিগঞ্জের কন্যা ফাতিহা মাহতাব মাইশা।


