মুন্সিগঞ্জের কোথায় ডেঙ্গু বেশি, কেন হয়- গবেষণা করতে এসেছে ৭ সদস্যের টিম
মুন্সিগঞ্জ, ৭ অক্টোবর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে ডেঙ্গুর প্রকোপ, সংক্রমণের কারণ ও কোন এলাকায় ডেঙ্গু বেশি হচ্ছে—এসব বিষয়ে অধিকতর অনুসন্ধান ও গবেষণা করতে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে সাত সদস্যের একটি গবেষণা দল মুন্সিগঞ্জে এসেছে।
আজ বুধবার সিভিল সার্জন কার্যালয়, মুন্সিগঞ্জে গবেষণা দলের সদস্যরা উপস্থিত হন।
সিভিল সার্জন ডা. সাজেদা বেগম এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ডেঙ্গু পরিস্থিতি নিয়ে অধিকতর অনুসন্ধানের অংশ হিসেবে এই গবেষণা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সংশ্লিষ্টরা জানান, মুন্সিগঞ্জের কোন কোন এলাকায় ডেঙ্গুর সংক্রমণ তুলনামূলক বেশি, সংক্রমণের পেছনে কী ধরনের কারণ রয়েছে এবং ডেঙ্গু বিস্তারের সঙ্গে স্থানীয় পরিবেশ ও অন্যান্য বিষয়গুলোর কোনো সম্পর্ক আছে কি না—এসব বিষয়ে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করবে গবেষণা দলটি।
গবেষণা দলের সদস্যরা স্থানীয় ডেঙ্গু পরিস্থিতি, রোগীদের তথ্য এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় পর্যালোচনা করবেন। এর মাধ্যমে মুন্সিগঞ্জে ডেঙ্গু সংক্রমণের ধরন ও কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।








