১৮ বছরে ৫০ বার রক্ত দিয়ে সারাদেশে দৃষ্টান্ত স্থাপন করলেন মুন্সিগঞ্জের মাহাবুব রনি
[addtoany]
27

মুন্সিগঞ্জ, ১৯ এপ্রিল ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

টানা ১৮ বছরে ৫০ বার রক্তদান করে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন মুন্সিগঞ্জের মাহাবুব রনি (৩৬)। নিয়মিত রক্তদানের মাধ্যমে অসংখ্য মানুষের জীবন বাঁচাতে অবদান রেখে তিনি এখন সারা দেশের জন্যই এক অনুপ্রেরণার নাম।

২০০৮ সালে শুরু হওয়া তার এই মহৎ উদ্যোগ ২০২৬ সাল পর্যন্ত অব্যাহত রয়েছে। এই দীর্ঘ সময়ে একটিও বছর তিনি রক্তদান থেকে বিরত থাকেননি। ধারাবাহিক এই মানবসেবার ফলেই তিনি ৫০তম রক্তদান সম্পন্ন করে এক অনন্য মাইলফলক স্পর্শ করেছেন।

মাহাবুব রনির রক্তের গ্রুপ এ পজিটিভ (A+)।

স্থানীয়দের মতে, তার নিয়মিত রক্তদানের কারণে বহু মানুষ নতুন জীবন ফিরে পেয়েছেন।

তিনি মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর এলাকার বাসিন্দা এবং পেশায় একজন ব্যবসায়ী। সামাজিক কর্মকাণ্ডেও তার রয়েছে সক্রিয় সম্পৃক্ততা।

জানা যায়, সরকারি হরগঙ্গা কলেজে আয়োজিত একটি ব্লাড ক্যাম্পে প্রথমবার রক্তদানের মধ্য দিয়েই তার এই যাত্রা শুরু। সেই অভিজ্ঞতাই তাকে মানবসেবায় অনুপ্রাণিত করে এবং পরবর্তীতে রক্তদানকে নিজের জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত করেন।

মাহাবুব রনি বলেন, “মানুষের উপকার করতে পারলেই আমি আনন্দ পাই। আমার এই ছোট্ট প্রচেষ্টা যদি কারো জীবন বাঁচাতে সাহায্য করে, সেটাই আমার সবচেয়ে বড় অর্জন। যতদিন সুস্থ থাকবো, ততদিন রক্তদান চালিয়ে যেতে চাই।”

গত ১৭ এপ্রিল শহরের একটি বেসরকারি ক্লিনিকে তিনি তার ৫০তম রক্তদান সম্পন্ন করেন।

স্মরণীয় ঘটনার বিষয়ে তিনি বলেন, প্রতিটি রক্তদানই তার কাছে বিশেষ। তবে একবার জরুরি পরিস্থিতিতে এক রোগীর জন্য সব কাজ ফেলে দ্রুত রক্ত দিতে যাওয়ার অভিজ্ঞতা তাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে। এমন অনেক অভিজ্ঞতাই তাকে মানবতার প্রতি আরও দায়বদ্ধ করেছে।

স্থানীয়দের মতে, মাহাবুব রনির এই অর্জন শুধু ব্যক্তিগত নয়, বরং পুরো মুন্সিগঞ্জের গর্ব। তার এই উদ্যোগ তরুণ সমাজকে রক্তদানে উৎসাহিত করবে এবং মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে বলে তারা মনে করছেন।