মুন্সিগঞ্জের গজারিয়ায় বালুর মাঠে যুবকের মরদেহ উদ্ধার—রহস্য ঘিরে তদন্তে পুলিশ
মুন্সিগঞ্জ, ২০ এপ্রিল ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় বালুর মাঠ থেকে রাকিব (২২) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার হয়েছে।
আজ সোমবার ভোরে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামের বালুর মাঠে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রাকিব শিমুলিয়া গ্রামের মো. আলমগীর হোসেনের ছেলে।
পুলিশ জানায়, বাউশিয়া এলাকায় বাসা ভাড়া নিয়ে একটি ইলেকট্রিক কোম্পানিতে চাকরি করতো রাকিব। রোববার রাতে সমবয়সী ৩-৪ জনের সঙ্গে গুয়াগাছিয়া এলাকায় নানী বাড়িতে যায় সে। পরে ভোর আনুমানিক ৫টার দিকে বালুর মাঠে তাকে পরে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। সুরতহাল প্রতিবেদনে মরদেহে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত বলা যাবে।




