লিবিয়ায় ২৬ বাংলাদেশীকে গুলি করে হত্যা; মুন্সিগঞ্জের কেউ নেই?
মুন্সিগঞ্জ, ৩০ মে, ২০২০, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
লিবিয়ায় ২৬ বাংলাদেশীকে গুলি করে হত্যা ও আহতদের মধ্যে আপাদত মুন্সিগঞ্জের কেউ নেই বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে এ বিষয়ে লিবিয়া দুতাবাস এখনো আনুষ্ঠানিক কোন তথ্য জানায়নি।
একটি অসমর্থিত সূত্রের দেয়া তথ্যে জানা গেছে, ২৬ জন নিহতের মধ্যে ২৩ জনের নাম-ঠিকানা নিশ্চিত করেছেন মৃত্যুর সময় তাদের সাথে থাকা প্রত্যক্ষদর্শী কয়েকজন। তারা নিজেরাও গুলি খেয়েছেন। আহত হয়েছেন। কিন্তু কোনমতে প্রাণে বেঁচে গেছেন। কেউ কেউ সেখানে তারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তাদের দেয়া তথ্যের সূত্র ধরেই তা যাচাই-বাছাইয়ের কাজ করছে লিবিয়া দূতাবাস।
প্রকাশিত নিহতদের তালিকায় ২৩ জনের মধ্যে মুন্সিগঞ্জের কারো নাম নেই। অপ্রকাশিত বাকি ৩ জনের মধ্যে মুন্সিগঞ্জের কেউ থাকতেও পারে আবার নাও থাকতে পারে।
এ ব্যাপারে মুন্সিগঞ্জের মাঠ পর্যায়ে প্রবাসীদের তথ্য সংগ্রহের সাথে জড়িত বেসরকারি সংগঠন অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম-ওকাপ এর সাথে যোগাযোগ করা হলে তারা এখনো কোন নিশ্চিত তথ্য পায়নি বলে জানান। এবং মুন্সিগঞ্জের কারও ব্যাপারে আহত বা নিহত হওয়ার কোন তথ্য পেলে তা তাৎক্ষনিকভাবে জানাবেন বলে আশ্বস্থ করেন।
এ ব্যাপারে মুন্সিগঞ্জ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের কয়েকজন কর্মকর্তার সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলে তারা বলছে, মুন্সিগঞ্জের কারো ব্যাপারে তথ্য নেই। তবে সঠিক তথ্যের জন্য আরও একটু অপেক্ষা করতে হবে।




