মুন্সিগঞ্জ শহরে পরকীয়া সম্পর্কের জেরে আপন ভাইকে খুনের ঘটনায় ভাই গ্রেপ্তার
মুন্সিগঞ্জ, ২০ মে ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ শহরের খালইষ্ট এলাকায় পরকীয়া সম্পর্ক ও পারিবারিক বিরোধের জেরে বড় ভাই আক্তার হোসেনকে (৫৫) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ছোট ভাই মো. জহির হোসেনকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার দুপুরে সদর থানা–পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। জহির হোসেন খালইষ্ট এলাকার হাজী মো. আওলাদ হোসেনের ছেলে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. কামরান হাসান এসব তথ্য নিশ্চিত করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে রাহিমা বেগম নামের এক নারী তাঁদের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। ওই সময় জহির হোসেনের সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা রাহিমাকে বাড়ি থেকে চলে যেতে বলেন। পরে রাহিমা তাঁর আগের স্বামীকে ছেড়ে জহির হোসেনকে গোপনে বিয়ে করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ ঘটনায় পরিবারের সদস্যদের সঙ্গে জহির হোসেনের বিরোধ তৈরি হয়।
এজাহারে মামলার বাদী মো. ইকবাল হোসেন অভিযোগ করেন, গত ২৬ এপ্রিল দুপুরে রাহিমা বেগম, তাঁর মামা জহিরুল ইসলাম মিল্লাত, জহির হোসেনসহ কয়েকজন খালইষ্টের বাড়িতে প্রবেশ করেন। এ সময় বড় ভাই আক্তার হোসেন বাধা দিলে তাঁকে মারধর করা হয়।
অভিযোগে বলা হয়, একপর্যায়ে জহির হোসেন ধারালো ছুরি দিয়ে আক্তার হোসেনের পেটে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। তাঁকে প্রথমে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকার গ্রীন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গত ২৯ এপ্রিল তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের ভাই মো. ইকবাল হোসেন বাদী হয়ে মুন্সিগঞ্জ থানায় হত্যা মামলা করেন।
মুন্সিগঞ্জ থানার পুলিশ জানায়, গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।





