মুন্সিগঞ্জ কারাগারে অসুস্থ সাবেক মন্ত্রী দীপু মনি, ঢাকা মেডিকেলে প্রেরণ
মুন্সিগঞ্জ, ২৯ জুন ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
কিডনি, থাইরয়েড ও অ্যালার্জিজনিত রোগে আক্রান্ত সাবেক মন্ত্রী দীপু মনি (৬৪) অসুস্থ হয়ে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নেয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে নতুন ভবনের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে।
আজ সোমবার ভোর ৬টার দিকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার্ড করেন।
হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. আরিফুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, কিডনি, থাইরয়েড ও অ্যালার্জিজনিত রোগ রয়েছে দীপু মনির। তার শারিরীক অবস্থা অনেক বেশি আশঙ্কাজনক না হলেও আমাদের এখানে চিকিৎসকরা মনে করেছেন তার আরেকটু ভালো চিকিৎসা দরকার, তাই আমরা ঢাকায় পাঠিয়েছি।
মুন্সিগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মুহাম্মদ এনায়েত উল্ল্যাহ বলেন, তিনি আগে থেকেই এসব রোগে আক্রান্ত। প্রায়ই চেকআপ ও চিকিৎসা করতে হয়। সোমবার রাত দেড়টার দিকে তিনি কিছুটা অসুস্থতাবোধ করলে আমরা তাকে সাথে সাথে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেই। পরে চিকিৎসক ঢাকায় প্রেরণ করেন।
দীপু মনি চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি বাংলাদেশের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী ও প্রথম নারী শিক্ষামন্ত্রী হিসেবে পরিচিতি পান। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ছিলেন তিনি।
ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ২০২৪ সালের ১৯ আগস্ট থেকে সাবেক মন্ত্রী ডা. দীপু মনি কারাগারে আছেন। তাঁকে রাজধানীর বারিধারা থেকে গ্রেপ্তার করা হয়।
তাঁর বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, দুর্নীতি ও মানবতাবিরোধী অপরাধসহ বিভিন্ন অভিযোগে প্রায় ৭০টি মামলা রয়েছে এবং অন্তত ৩৮টি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।









