জাতীয় বেসবল টুর্নামেন্টে সারাদেশে চতুর্থ মুন্সিগঞ্জ, জেলার মধ্যে দ্বিতীয়
27

মুন্সিগঞ্জ, ২৯ জুন ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

নবম জাতীয় বেসবল প্রতিযোগিতা-২০২৬ এ সাফল্য দেখিয়েছে মুন্সিগঞ্জ জেলা বেসবল দল। দেশের ১৪টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় মুন্সিগঞ্জ জেলা চতুর্থ স্থান অর্জন করেছে। জেলার দলগুলোর মধ্যে মুন্সিগঞ্জের অবস্থান দ্বিতীয়।

গাজীপুরের সফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি মাঠে গত ২৬ থেকে ২৮ জুন অনুষ্ঠিত হয় তিন দিনব্যাপী এই প্রতিযোগিতা। বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহযোগিতায় টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় মুন্সিগঞ্জ জেলা দল সেমিফাইনালে খেললেও শেষ পর্যন্ত তৃতীয় ও চতুর্থ স্থান নির্ধারণী ম্যাচে জয়পুরহাট ডিএসএ’র কাছে এক ব্যবধানে পরাজিত হয়। ম্যাচের ফলাফল ছিল—জয়পুরহাট ১৫, মুন্সিগঞ্জ ১৪।

মুন্সিগঞ্জ জেলা দলের হয়ে অংশ নেন ১২ জন খেলোয়াড়। দলের অধিনায়ক ছিলেন মাহফুজ আনাম ফারদিন এবং সহ-অধিনায়ক মানিক। এছাড়া দলে ছিলেন সাজ্জাদ হোসেন সাগর, সিজান আহমেদ, সানি, রাইছুল, তুহিন, আফাত শিকদার, আনাম, হৃদয়সহ আরও কয়েকজন খেলোয়াড়।

মুন্সিগঞ্জ জেলা বেসবল দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীতে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে আরও ভালো প্রস্তুতি নেওয়া হবে। পাশাপাশি জেলার বিভিন্ন উপজেলায় বেসবল টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনাও রয়েছে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। এছাড়া বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালকসহ ফেডারেশনের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক ও সাবেক বিটিভি ধারাভাষ্যকার উপস্থাপক অনুপম হোসাইন উপস্থিত ছিলেন।

মুন্সিগঞ্জ জেলা দলের খেলোয়াড়রা জানান, জাতীয় পর্যায়ে জেলার নাম তুলে ধরতে পেরে তারা গর্বিত। ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য কঠোর পরিশ্রম করবেন তারা।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ