মুন্সিগঞ্জে স্ত্রী’কে নিয়ে সালিশের জেরে ‘মাদবরে’র মাথায় হাতুড়ি দিয়ে আঘাত, চাচাতো ভাই গ্রেপ্তার
1

মুন্সিগঞ্জ, ২১ জুলাই ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

পারিবারিক বিরোধের জেরে স্থানীয় শালিসকে কেন্দ্র করে মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের বল্লালবাড়ীতে চাচাতো ভাইকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।

গুরুতর আহত ব্যক্তি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। এ ঘটনায় অভিযুক্তকে ঢাকার মুগদা এলাকা থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, সোমবার (২০ জুলাই) দুপুর দুইটার দিকে বল্লালবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আবুল কালাম বেপারী (৫৫) স্থানীয়ভাবে সালিসকারী বা মাদবর হিসেবে দায়িত্ব পালন করতেন। ঘটনার পর তাঁকে উদ্ধার করে প্রথমে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশের ভাষ্য, অভিযুক্ত সেলিম বেপারী (৪০) দীর্ঘদিন ধরে পারিবারিক কলহে জড়িয়ে ছিলেন। প্রায় আট মাস আগে তাঁর মেয়ে পরিবারের অজান্তে বিয়ে করে চলে যাওয়ার পর থেকে স্ত্রীকে দায়ী করে বিভিন্ন সময় নির্যাতন করতেন। বিষয়টি নিয়ে পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা একাধিকবার শালিস করলেও বিরোধের অবসান হয়নি।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শালিসে অংশ নেওয়া ব্যক্তিদের প্রতিও ক্ষুব্ধ ছিলেন সেলিম। এরই ধারাবাহিকতায় সোমবার দুপুরে চাচাতো ভাই আবুল কালাম বেপারীর ওপর হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করেন বলে অভিযোগ রয়েছে।

ঘটনার পর স্থানীয় কিছু লোক অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় আহতের বোন সেলিনা বেগম বাদী হয়ে মুন্সিগঞ্জ থানায় হত্যা চেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা করেন।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে সাতটার দিকে ঢাকার মুগদা থানার উত্তর মুগদা জান্নাতবাগ এলাকা থেকে সেলিম বেপারীকে গ্রেপ্তার করা হয়।

পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সদর উপজেলার বণিক্যপাড়া ব্রিজের ঢাল এলাকা থেকে ঘটনার ব্যবহৃত লোহার হাতলযুক্ত একটি হাতুড়ি উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ