মুন্সিগঞ্জে গোয়ালঘরে ঢুকে গরু চুরি, চোরাই গরুসহ অভিযুক্ত দুই ব্যক্তি গ্রেপ্তার
মুন্সিগঞ্জ, ২২ জুলাই ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগরে গোয়ালঘর থেকে চুরি হওয়া একটি ষাঁড় গরু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আন্তঃজেলা গরুচোর চক্রের সদস্য সন্দেহে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) শ্রীনগর থানা-পুলিশ উপজেলার পাটাভোগ ইউনিয়নের পৃথক স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করে। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাটাভোগ এলাকার একটি পরিত্যক্ত ঘরের সামনে আমগাছের সঙ্গে বাঁধা অবস্থায় চোরাই গরুটি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বেলদহ গ্রামের বাসিন্দা মো. মাহিদুল ইসলাম (৩৭)। তিনি বর্তমানে শ্রীনগরের পাটাভোগ এলাকায় ভাড়া থাকতেন। অপরজন হলেন শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের সমসাবাদ পশ্চিম চকেরপাড়া এলাকার বাসিন্দা মো. সোহেল ব্যাপারী (৩৮)।
পুলিশ জানায়, উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের মত্তগ্রাম এলাকার বাসিন্দা ছায়েদ মৃধা (৭২) গত ১৬ জুলাই রাতে তাঁর সাতটি গরু গোয়ালঘরে রেখে ঘুমিয়ে পড়েন। পরদিন ভোরে উঠে তিনি দেখতে পান, গোয়ালঘর থেকে প্রায় ১৮ মাস বয়সী একটি কালো রঙের ষাঁড় গরু চুরি হয়েছে। গরুটির আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা।
এ ঘটনায় ছায়েদ মৃধা শ্রীনগর থানায় মামলা করেন। মামলার তদন্তে নেমে পুলিশ বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ, গোয়েন্দা তথ্য ও অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে অভিযানে নামে। পরে মঙ্গলবার দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়।
তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে শ্রীনগরের পাটাভোগ ইউনিয়নের একটি পরিত্যক্ত ঘরের সামনে আমগাছের সঙ্গে বাঁধা অবস্থায় চুরি হওয়া ষাঁড় গরুটি উদ্ধার করে পুলিশ। পরে জব্দ তালিকার মাধ্যমে গরুটি জব্দ করা হয়।
মুন্সিগঞ্জ পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় গরুচোর চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।









