মুন্সিগঞ্জে সেনাবাহিনীর টহল কার্যক্রম পরিদর্শনে মেজর শাহীনুল
মুন্সিগঞ্জ, ৪ জুলাই, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
সারাদেশে চলমান লকডাউনে মুন্সিগঞ্জের বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর টহল কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক। এসময় তিনি জেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভায় অংশ নেন।
আজ রোববার (৪ জুলাই) সকালে মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক সিরাজদিখান উপজেলার ইছাপুরা বাজার ও মুন্সিগঞ্জ শহরস্থ পৌরসভা মোড়ে সেনাবাহিনীর টহল কার্যক্রম পরিদর্শন করেন।
পরবর্তীতে বেলা ১১ টা’র দিকে তিনি মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহিদ রসূলের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় তিনি লকডাউন বাস্তবায়নে জেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন। লকডাউন বাস্তবায়নে মুন্সিগঞ্জ জেলার বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণে তিনি সন্তুষ্ট বলে মন্তব্য করেন। এছাড়া তিনি জরুরি পরিস্থিতি বিবেচনায় জেলায় কোভিড রোগীদের চিকিৎসায় সেনাবাহিনীর পক্ষ থেকে ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্প স্থাপনের আশ্বাস প্রদান করেন।
মতবিনিময় সভায় ৯৯ কম্পোজিট ব্রিগ্রেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কামরুল হাসান, ১৯ বীরের অধিনায়ক লে. কর্নেল আরিফুর রহমান, ৬২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলামিন, জেলা পুলিশ সুপার, সিভিল সার্জনসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।




