মুন্সিগঞ্জে সড়কের পাশে পড়েছিল হাত-পা বাঁধা মরদেহ, পকেটে ছিল দুই চাবিসহ রিং
6

মুন্সিগঞ্জ, ২২ সেপ্টেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে পথের পাশের একটি আবাদি জমি থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাতনামা পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের কোমরে দুইটি চাবিসহ একটি রিং পাওয়া গেছে। পুলিশ বলছে, ধারণা করা হচ্ছে তিন থেকে চার দিন আগে ওই ব্যক্তিকে হত্যা করে সেখানে ফেলে রাখা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার হাসাড়া থেকে সিংপাড়া গামী কেসি রোডের পাশে মৃত শামসুস শেখের আবাদি জমি থেকে মরদেহটি উদ্ধার করে শ্রীনগর থানা-পুলিশ।

স্থানীয়রা জানান, কেসি রোড দিয়ে যাতায়াতের সময় তাঁরা তীব্র দুর্গন্ধ পান। পরে রাস্তার পাশের জমিতে হাত-পা বাঁধা অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত বলেন, মরদেহটির হাত-পা বাঁধা ছিল। চোখ, মুখ ও নাক বিকৃত হয়ে গেছে। শরীরে পচন ধরেছিল এবং পোকা দেখা গেছে। কোমরে দুইটি চাবিসহ একটি রিং পাওয়া গেছে। এছাড়া তার পরণে সাদা রঙের টিশার্ট ছিলো। যাতে লেখা রয়েছে- ‘ভাই ভাই একাদশ’ ও ‘সৌজন্যে: জাকিয়া এন্টারপ্রাইজ’।

মিল্টন দত্ত বলেন, ‘ধারণা করা হচ্ছে, তিন থেকে চার দিন আগে ওই ব্যক্তিকে হত্যা করে এখানে ফেলে রাখা হয়েছে। পিবিআইয়ের সহায়তায় পরিচয় শনাক্তের চেষ্টা করা হয়েছে। তবে মরদেহের আঙুলের ছাপ নেওয়ার মতো অবস্থাও ছিল না।’

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) কামরান হাসান বলেন, মরদেহ উদ্ধারের পর আশপাশের সব জেলার থানায় খবর পাঠানো হয়েছে। গত কয়েক দিনের নিখোঁজের তথ্যসহ এ-সংক্রান্ত অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনো কোনো ক্লু পাওয়া যায়নি।

তিনি বলেন, ‘আমরা দ্রুত বিষয়টি উদ্‌ঘাটনের চেষ্টা করছি। মরদেহের কোমর থেকে যে চাবিগুলো পাওয়া গেছে, সেগুলো অটোরিকশার চাবি কি না, সেটিও খতিয়ে দেখা হয়েছে। তবে এগুলো ছোট কোনো তালার চাবি বলে মনে হচ্ছে।’

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে, অন্য কোনো এলাকা থেকে মরদেহ এনে এখানে ফেলে রাখা হয়েছে। আশপাশের এলাকার কেউ হলে এতক্ষণে পরিচয় শনাক্ত হয়ে যেত।’

পুলিশ জানিয়েছে, মরদেহটির পরিচয় শনাক্ত এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ