মুন্সিগঞ্জে মাদ্রাসা শিক্ষকের মারধরে মেরুদণ্ডের হাড় ভেঙেছে শিক্ষার্থীর, থানায় অভিযোগ
মুন্সিগঞ্জ, ১ আগস্ট ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগরে এক মাদ্রাসা শিক্ষকের মারধরে ৯ বছর বয়সী এক শিক্ষার্থীর মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত দুই শিক্ষকের বিরুদ্ধে শনিবার শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে শিশুটির পরিবার। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
ভুক্তভোগী আখি আক্তার উপজেলার বীরতারা ইউনিয়নের মজিদপুর দয়হাটা এলাকার বাগে নুরানীয়া হাফেজীয়া মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
লিখিত অভিযোগে বলা হয়, গত ২৪ জুলাই মাদ্রাসার শিক্ষক সাফায়েত হুজুর পড়া না পারার অজুহাতে আখিকে কাঠের লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন। মারধরের সময় বিষয়টি পরিবারের কাউকে জানালে আরও নির্যাতনের হুমকিও দেওয়া হয়। ভয়ে শিশুটি প্রথমে ঘটনাটি গোপন রাখে।
পরে তীব্র ব্যথায় অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যদের কাছে সে ঘটনার কথা জানায়। এরপর তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তার মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
শিশুটির বাবা মো. আলমগীর খাঁন বলেন, ঘটনার পর মাদ্রাসার প্রধান শিক্ষক তোফাজ্জল হুজুরের কাছে অভিযোগ করলে তিনি বিষয়টি চেপে যেতে বলেন। কিন্তু মেয়ের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় স্থানীয়দের সঙ্গে পরামর্শ করে শনিবার থানায় লিখিত অভিযোগ করেছি। আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকদের শাস্তির দাবিতে শুক্রবার (৩১ জুলাই) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে বিক্ষোভ করেন স্থানীয় এলাকাবাসী।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত শিক্ষক সাফায়েত হুজুর ও প্রধান শিক্ষক তোফাজ্জল হুজুরের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।









