মুন্সিগঞ্জে বারবার লোডশেডিংয়ে পড়ালেখা ব্যাহত এইচএসসি পরীক্ষার্থীদের, ভুক্তভোগী অন্যরাও
11

মুন্সিগঞ্জ, ২৯ জুলাই ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

টানা চার থেকে পাঁচ দিন ধরে ঘন ঘন লোডশেডিংয়ে স্থবির হয়ে পড়েছে মুন্সিগঞ্জের জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন চলমান এইচএসসি পরীক্ষার শিক্ষার্থীরা। পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠান, হাসপাতালের রোগী, অফিসগামী মানুষ এবং সাধারণ বাসিন্দারাও চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

সবশেষ আজ বুধবার (২৯ জুলাই) দুপুর থেকে জেলার বিভিন্ন এলাকায় প্রায় এক ঘণ্টা পরপর বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে।

জেলার বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, বিদ্যুতের ঘন ঘন আসা-যাওয়ায় এইচএসসি পরীক্ষার্থীরা ঠিকমতো পড়াশোনা করতে পারছেন না। প্রচণ্ড গরমের মধ্যে বিদ্যুৎ না থাকায় তাদের মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ছে। অনেককে মোমবাতি কিংবা জরুরি বাতির আলোয় পড়াশোনা করতে হচ্ছে।

সরকারি হরগঙ্গা কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের এইচএসসি পরীক্ষার্থী নুপুর আক্তার বলেন, বিদ্যুৎ না থাকায় মোমবাতি জ্বালিয়ে পড়ালেখা করতে হচ্ছে। সামনে পরীক্ষা, কিন্তু ঠিকমতো প্রস্তুতি নিতে পারছি না। পরিস্থিতি খুবই বাজে।

শুধু শিক্ষার্থীরাই নন, লোডশেডিংয়ের কারণে জেলার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানেও উৎপাদন ও বেচাকেনা ব্যাহত হচ্ছে। বিশেষ করে ফ্রিজনির্ভর ব্যবসা, রেস্তোরাঁ এবং অনলাইনভিত্তিক সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো ক্ষতির মুখে পড়েছে। বিদ্যুতের বারবার যাওয়া-আসায় ইলেকট্রনিক যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও করছেন ব্যবসায়ীরা।

হাসপাতালেও লোডশেডিংয়ের প্রভাব পড়েছে। যদিও হাসপাতালগুলোতে বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা রয়েছে, তবুও ঘন ঘন বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় রোগী ও তাদের স্বজনদের ভোগান্তি বাড়ছে। বিশেষ করে গরমে শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টে আক্রান্ত রোগীরা বেশি কষ্ট পাচ্ছেন বলে জানিয়েছেন স্বজনরা।

এদিকে ঘন ঘন লোডশেডিংয়ে গৃহস্থালির স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। গরমে অতিষ্ঠ হয়ে উঠেছেন শিশু ও বয়স্করা। ইন্টারনেট সেবা বিঘ্নিত হওয়ায় ফ্রিল্যান্সার, অনলাইন উদ্যোক্তা ও অফিসের কাজেও প্রভাব পড়ছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত চার থেকে পাঁচ দিন ধরে লোডশেডিংয়ের মাত্রা ক্রমেই বেড়েছে। তবে বুধবার দুপুর থেকে প্রায় এক ঘণ্টা পরপর বিদ্যুৎ চলে যাওয়ায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ