মুন্সিগঞ্জে দুই বাসের সংঘর্ষের মধ্যে প্রাণ গেল হেলপারের
মুন্সিগঞ্জ, ২ আগস্ট ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় ইলিশ পরিবহনের দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে মো. কালু (২২) নামে এক বাস হেল্পার নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর অভিযুক্ত এক বাসচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রোববার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বেজগাঁও ইউনিয়নের মালিঅংক বাজার প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কালু মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর বশিপাড়ী গ্রামের মৃত অহেদ সরদার ও তাসলিমা বেগমের ছেলে। তিনি লৌহজং উপজেলার গাঁওদিয়া জোড়পোল সংলগ্ন ঢুলুগাঁও এলাকায় ভাড়া থাকতেন এবং ইলিশ পরিবহনের বাসের হেল্পার হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মালিঅংক বাজার এলাকায় ইলিশ পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে বাস দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে বাসের হেল্পার কালু গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় আহতদের মধ্যে তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। তবে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর স্থানীয় উত্তেজিত জনতা ইলিশ পরিবহনের একটি বাসে ভাঙচুর চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করে থানায় নিয়ে যায়।
লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বোরহান উল ইসলাম বলেন, দুর্ঘটনার ঘটনায় ইলিশ পরিবহনের বাসচালক লিটন শেখ (৪৫)কে গ্রেপ্তার করা হয়েছে। তিনি শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকার হারুন শেখের ছেলে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।









