মুন্সিগঞ্জে ক্ষতিকর রং মিশিয়ে বানানো হচ্ছিল চিপস, ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা
মুন্সিগঞ্জ, ১৯ অক্টোবর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদর উপজেলার দশকানিতে ক্ষতিকর কৃত্রিম রং ও ইন্ডাস্ট্রিয়াল সল্ট মিশিয়ে শিশুখাদ্য কাঁচা চিপস উৎপাদনের দায়ে দুটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় প্রতিষ্ঠান দুটির ২ হাজার ৫০০ কেজি ক্ষতিকর উপাদান মিশ্রিত চিপস জব্দ করে ধ্বংস করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠান দুটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
আজ সোমবার সদর উপজেলার দশকানি এলাকায় বিএসটিআইয়ের আঞ্চলিক কার্যালয়, নারায়ণগঞ্জের সহযোগিতায় পরিচালিত মোবাইল কোর্টে এ ব্যবস্থা নেওয়া হয়।
জরিমানার মুখে পড়া প্রতিষ্ঠান দুটি হলো—রাজধানী চিপস ও ভাই ভাই চিপস।
মোবাইল কোর্টের অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠান দুটি অস্বাস্থ্যকর পরিবেশে শিশুখাদ্য কাঁচা চিপস উৎপাদন করছিল। উৎপাদিত চিপসে ক্ষতিকর সিনথেটিক কালার ও ইন্ডাস্ট্রিয়াল সল্ট ব্যবহার করা হচ্ছিল। এ ছাড়া চিপসের বস্তা ও মোড়কে কোনো ধরনের লেবেলিং বা মার্কিং ছাড়াই পণ্য বিক্রি, বিতরণ ও বাজারজাত করা হচ্ছিল।
এসব অনিয়মের বিষয় মোবাইল কোর্টের নজরে আনা হলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ধারায় প্রতিষ্ঠান দুটিকে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক।
একই সঙ্গে ক্ষতিকর উপাদান মিশ্রিত ২ হাজার ৫০০ কেজি চিপস জব্দ করে ধ্বংসের নির্দেশ দেওয়া হয়। পরে বিএসটিআইয়ের কর্মকর্তারা যথাযথ প্রক্রিয়ায় জব্দ করা চিপস ধ্বংস করেন।
অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষ প্রতিষ্ঠান দুটির বিদ্যুৎ সংযোগ তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন করে দেয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক।
এ সময় বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, নারায়ণগঞ্জের উপপরিচালক (সিএম) ও অফিসপ্রধান কে এম হানিফ, সহকারী পরিচালক (মেট্রোলজি) মো. রাকিবুল আলম, ফিল্ড অফিসার (সিএম) মো. ইয়াছির আরাফাত এবং পরিদর্শক (মেট্রোলজি) মো. হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।








