মুন্সিগঞ্জের সাংবাদিক বাবুর বিরুদ্ধে মামলার প্রতিবাদে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন
মুন্সিগঞ্জ, ২০ জুলাই ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি সাংবাদিক মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)। সংগঠনটির নেতারা মামলাটিকে হয়রানিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে অবিলম্বে তা প্রত্যাহারের আহ্বান জানান।
আজ সোমবার দুপুর ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক মাহাবুব আলম বাবু দীর্ঘদিন ধরে পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলাটি স্বাধীন সাংবাদিকতার পরিবেশকে বাধাগ্রস্ত করার একটি অপচেষ্টা।
তাঁরা অভিযোগ করেন, মুন্সিগঞ্জের চিহ্নিত হুন্ডি ব্যবসায়ী সাইদ দেওয়ানের করা মামলাটি হয়রানিমূলক। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিপিজেএফ ঢাকা মহানগর শাখার প্রধান সমন্বয়ক মো. হাফিজ উদ্দিন। সঞ্চালনা করেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. রোমান আকন্দ।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান। প্রধান বক্তা ছিলেন বিপিজেএফের কেন্দ্রীয় সভাপতি কাজী শরিফুল ইসলাম (শাকিল)।
এ সময় আরও বক্তব্য দেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) সভাপতি আহমেদ আবু জাফর, বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাফিজ মাহবুব, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ জোটের কেন্দ্রীয় নেতা মাজহারুল হক এবং দৈনিক প্রতিদিন খবর-এর সম্পাদক সরকার জামাল। বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন।
বক্তারা বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের সাংবিধানিক অধিকারের জন্য হুমকি। তাঁরা দাবি করেন, মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে দায়ের করা মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
মানববন্ধনে জানানো হয়, দৈনিক আজকের দুর্নীতি পত্রিকার মুন্সিগঞ্জ জেলা ব্যুরো প্রধান মাহাবুব আলম বাবু মামলার পর থেকে নিরাপত্তাজনিত কারণে আত্মগোপনে রয়েছেন। তাঁর ব্যক্তিগত ও পারিবারিক নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বক্তারা।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত মামলা প্রত্যাহার না হলে সাংবাদিক সমাজকে সঙ্গে নিয়ে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম পর্যায়ক্রমে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে।








